অপরাধ মজারও

গ্রাফিকস: আগামীর সময়
যুক্তরাজ্যের অপরাধ এবং শাস্তিবিষয়ক ঐতিহাসিক রেকর্ড ও সংবাদপত্রের বিশাল সংগ্রহে লুকিয়ে থাকা বেশ কিছু অদ্ভুত ও কৌতূহল জাগানো অপরাধের ঘটনা রয়েছে। অপরাধজগতে যতটা না সেগুলো আলোচিত হয়েছে, তার থেকে বেশি হয়েছে বিনোদনের খোরাক। ইংল্যান্ড ও ওয়েলসের পুরনো আদালতের নথিপত্র ঘেঁটে গবেষকরা দেখিয়েছেন, ইতিহাস শুধু গুরুতর অপরাধেই পূর্ণ নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত সব খামখেয়ালিপনা।
এমনই এক ঘটনা ঘটেছিল ১৯১০ সালে। অক্সফোর্ড স্ট্রিটের একটি দোকানে আঠারো বছর বয়সী এডগার হিকস নামের এক তরুণ দোকান ভেঙে ক্যাশ বাক্স বা সিন্দুক চুরির চেষ্টা চালান। কিন্তু ভেতরে খুব সামান্য অর্থ দেখে তিনি চরম হতাশ হন। সেটার মাত্রা এতটাই বেশি ছিল যে, সেখান থেকে পালিয়ে না গিয়ে তিনি সিন্দুকের ভেতরেই দোকান মালিকদের উদ্দেশে একটি চিঠি লেখা শুরু করেন। সেই চিঠিতে পর্যাপ্ত টাকা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালোমানের সিন্দুক ব্যবহারের পরামর্শ দেন। আর এ চিঠি লিখতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করায় শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
এরও বহু আগে ১৮০১ সালের এক ঘটনার সাক্ষী হয়েছিল ইংল্যান্ডের স্টাফোর্ড শহরের একটি পানশালা। ডারলাস্টনের বাসিন্দা চল্লিশ বছর বয়সী জন অ্যাডামস অতিরিক্ত মদ্যপান করে রাজা তৃতীয় জর্জ ও তার আইনকে অভিশাপ দেওয়ার অপরাধে অভিযুক্ত হন। পানশালার ভেতরে গণ্ডগোল পাকানোর পর স্থানীয় কনস্টেবল উপস্থিত হলে অ্যাডামস চিৎকার করে রাজাকে গালি দেন। আদালতের বিচারে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি মদ্যপ থাকার কারণে এবং মামলার বাদীর সঙ্গে তার পুরনো শত্রুতার প্রমাণ থাকায় তার শাস্তি কিছুটা লঘু করা হয়েছিল।
প্রাণীদের নিয়ে অপরাধের ঘটনাও সেকালের নথিপত্রে কম ছিল না। ১৮৯১ সালের আগস্টে জাবেস লোব্রিজ নামের এক ব্যক্তিকে এক নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ তার পোষা বানর ওই নারীর বিয়ের আংটি চুরি করেছিল। ক্লারা জোনস নামের সেই তরুণী বিয়ের ঠিক আগে নিজের ঘরে ঢুকে দেখেন যে, লোব্রিজের বানরটি জানালা দিয়ে তার গয়নার বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। এ ছাড়া ১৯০২ সালে জর্জ লিয়ন নামের এক ব্যক্তি একটি মিনিজাচ গাড়ির ছাদ থেকে ঘুসি মেরে একটি বানরকে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
সেকালের নথিপত্রে গাছপালা বা লতাপাতার ওপর অদ্ভুত সব হামলার ঘটনাও পাওয়া যায়। ১৮৯৪ সালের নভেম্বরে অ্যামারশামের চৌষট্টি বছর বয়সী ড্যানিয়েল হোর্ডিং চুয়ান্নটি বাঁধাকপি ইচ্ছাকৃতভাবে নষ্ট করার অভিযোগে অভিযুক্ত হন। ১৯১০ সালে হালের জর্জ ফোলস একশটির বেশি শালগম ধ্বংস করার দায়ে অভিযুক্ত হন এবং ওয়েলসের জন পল প্রতিবেশীর গাছপালা নষ্ট করায় সাত মাসের সাজা পান।
সূত্র: ফাইন্ড মাই পাস্ট ডটকম







