টিপস
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে

ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।
প্রথম কাজ হলো ব্যাংক অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে ব্লক বা ফ্রিজ করা। ব্যাংক খোলা না থাকলে তাদের জরুরি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে দ্রুত কার্ড ও অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করতে হবে। এর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করে ফেলুন এবং সম্ভব হলে অ্যাকাউন্ট থেকে সব সেশন বা ডিভাইস লগআউট করুন।
দ্বিতীয় ধাপে, সাম্প্রতিক কোন কোন অ্যাকাউন্টে বা কোন মাধ্যমে টাকা ট্রান্সফার হয়েছে, তার স্ক্রিনশট বা স্টেটমেন্ট প্রমাণ হিসেবে সংরক্ষণ করুন। এই তথ্যগুলো পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নিতে এবং ব্যাংককে প্রমাণ দেখাতে সাহায্য করবে।
তৃতীয়ত, যত দ্রুত সম্ভব আপনার নিজ ব্যাংক শাখায় গিয়ে লিখিত অভিযোগ বা ডিসপুট ফরম জমা দিন। ব্যাংকের নির্দিষ্ট সাইবার সিকিউরিটি বা ফ্রড ম্যানেজমেন্ট টিমকে পুরো বিষয়টি বিস্তারিত জানান। এ ছাড়া স্থানীয় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা সাইবার অপরাধ-সংক্রান্ত মামলা দায়ের করুন।





