এলিসা ল্যামের মৃত্যুরহস্য

সংগৃহীত ছবি
২০১৩ সালের জানুয়ারি মাস। কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২১ বছর বয়সী এলিসা ল্যাম ভ্রমণে বেরিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। তার ভ্রমণের গন্তব্য ছিল পশ্চিম উপকূল।
ট্রেন ও বাসে করে বিভিন্ন জায়গা ঘুরে ২৬ জানুয়ারি পৌঁছান লস অ্যাঞ্জেলেসে। শহরের ডাউনটাউনে অবস্থিত সিসিল হোটেলে ওঠেন তিনি। হোটেলে অবস্থানের সময় তিনি অন্য অতিথিদের সঙ্গে একটি কক্ষে ছিলেন। পরে রুমমেটদের অভিযোগের পর তাঁকে আলাদা কক্ষে স্থানান্তর করা হয়। ৩১ জানুয়ারি তাঁর হোটেল ছাড়ার কথা ছিল।
নিজের ব্লগে নিয়মিত ভ্রমণের আপডেট দিচ্ছিলেন এলিসা, আর বাবা-মাকে ফোন করতেন প্রতিদিন। কিন্তু ৩১ জানুয়ারি হঠাৎ করেই সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলিসা ল্যাম যেন ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেলেন। এরপর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগে অভিযোগ জানানো হয়, তার বাবা-মাও ছুটে আসেন মেয়ের সন্ধানে। পুলিশও নিখোঁজ এলিসাকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না।
তদন্তের এক পর্যায়ে লস অ্যাঞ্জেলেস পুলিশ এলিসা ল্যামের নিখোঁজ হওয়ার আগে সিসিল হোটেলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেই ফুটেজটি আজও ইন্টারনেটে রহস্যের এক বড় খোরাক।
লিফটের ভিডিওতে কী দেখা গিয়েছিল?
ভিডিওতে দেখা যায়, এলিসা লিফটে প্রবেশ করে একের পর এক বাটনে চাপছেন। তিনি লিফটের কোণায় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন, অদ্ভুতভাবে হাত নাড়াচ্ছেন, যেন লিফটের বাইরে কেউ দাঁড়িয়ে আছে যার সাথে তিনি কথা বলছেন। এরপর দরজার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছেন। কখনো লিফট থেকে বেরিয়ে করিডরে উঁকি দিচ্ছেন, আবার লিফটের ভেতরে ফিরে আসছেন। পুরো দৃশ্যজুড়ে তার আচরণ ছিল অস্বাভাবিক।
ভিডিওতে তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি। তিনি কারও সঙ্গে কথা বলছেন, নাকি কোনো কিছু থেকে আড়াল হওয়ার চেষ্টা করছেন, তা নিশ্চিতভাবে বোঝা যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ দাবি করেন, এলিসা অদৃশ্য কারও উপস্থিতি টের পেয়েছিলেন। কেউ আবার ভিডিওতে অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত খুঁজতে শুরু করেন। আবার অনেকের ধারণা ছিল, ক্যামেরার ঠিক বাইরেই কেউ দাঁড়িয়ে তাকে ভয় দেখাচ্ছিল।
তবে ভিডিওতে অস্বাভাবিক আচরণ দেখা গেলেও সেটিকে কোনো প্যারানরমাল ঘটনার প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করা যায়নি। তাঁর মানসিক অবস্থার সঙ্গে আচরণের সম্পর্ক ছিল কি না, তা নিয়েও নানা আলোচনা তৈরি হয়।
পানির ট্যাংকে যেভাবে মিলল মরদেহ
১৯ ফেব্রুয়ারি ২০১৩। হোটেলের অন্য অতিথিরা অভিযোগ করতে শুরু করেন, পানির সরবরাহ স্বাভাবিক নেই। পানির রং অদ্ভুত, স্বাদেও সমস্যা। এসব অভিযোগের পর হোটেলের একজন কর্মী ছাদে থাকা পানির ট্যাংক পরীক্ষা করতে যান। সেখানে মই বেয়ে উঠতে গিয়েই তিনি যা দেখলেন, তাতে পুরো শহর স্তম্ভিত হয়ে গিয়েছিল। বিশাল সেই পানির ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় এলিসা ল্যামের পচনশীল নগ্ন মরদেহ। পাশেই পড়ে ছিল তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র।
মৃত্যুর কারণ কী ছিল?
দীর্ঘ তদন্ত ও ময়নাতদন্তের পর লস অ্যাঞ্জেলেস কাউন্টির করোনার অফিস ২০১৩ সালের জুনে এলিসার মৃত্যুকে দুর্ঘটনাজনিত পানিতে ডুবে মৃত্যু হিসেবে ঘোষণা করে। তার বাইপোলার ডিসঅর্ডার মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ অবস্থা হিসেবে উল্লেখ করা হয়। ময়নাতদন্তে শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরীক্ষায় এমন কোনো মাদক শনাক্ত হয়নি, যা মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয়।
কিন্তু প্রশ্ন থেকে যায়, কীভাবে তিনি ছাদে উঠলেন? হোটেলের ছাদের দরজায় সবসময় অ্যালার্ম সিস্টেম লাগানো থাকে, যা খোলা মাত্রই বিপদসংকেত বাজার কথা। এছাড়া এত ভারী একটি পানির ট্যাঙ্কের ঢাকনা নিজে থেকে খোলা এবং এরপর সেটি আবার বন্ধ করা একজন মানুষের জন্য প্রায় অসম্ভব ছিল। সেই থেকে সিসিল হোটেল ও এলিসার মৃত্যুকে ঘিরে জন্ম নেয় নানা জল্পনা। হোটেলের দীর্ঘ ইতিহাসের সাথে জড়িয়ে আছে অনেক খুনের ঘটনা ও অপমৃত্যু, যার কারণে অনেকে একে ‘অভিশপ্ত হোটেল’ বলেও ডাকেন।
২০২১ সালে নেটফ্লিক্সের ‘ক্রাইম সিন: দ্য ভ্যানিশিং অ্যাট দ্য সিসিল হোটেল’ নামের প্রামাণ্যচিত্রটি এলিসার এই করুণ মৃত্যুকে আবারও আলোচনায় নিয়ে আসে। হোটেলটির অন্ধকার ইতিহাস এবং এলিসার শেষ মুহূর্তের রহস্য এখনো অমীমাংসিত। সেই ফুটেজে এলিসা কি সত্যিই নিজের সাথে কোনো অশরীরীর কথা বলছিলেন? নাকি হোটেলেরই কোনো অশুভ রহস্যের বলি হয়েছিলেন তিনি? প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু এলিসা ল্যামের রহস্যময় প্রস্থান আজও মানুষকে শিহরিত করে।





