‘বার্ডম্যান’ সালিম আলী

আজ ১২ নভেম্বর সালিম আলীর জন্মদিন
একটি ছোট্ট পাখি। গলার নিচে অদ্ভুত হলুদ দাগ। পাখিটিকে গুলি করে মাটিতে ফেলার পরও কিশোরটির কৌতূহল মেটেনি। বরং শুরু হয়েছিল একের পর এক প্রশ্ন। এ কোন পাখি? এর নাম কী? এমন রং কেন? কোথায় থাকে? কী খায়? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে পৌঁছাল বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। সেখানে এক ইংরেজ কর্মকর্তা শুধু পাখিটির পরিচয়ই জানালেন না, দেখালেন সংরক্ষিত পাখির বিশাল সংগ্রহ। সেই ঘর থেকে বেরিয়ে আসার পর কিশোরটির পৃথিবী আর আগের মতো থাকেনি।
যে হাতে ছিল পাখি শিকারের খেলনা বন্দুক, একদিন সেই হাতেই উঠল দূরবীন, নোটবুক আর পেন্সিল। শিকারির চোখ বদলে গেল পর্যবেক্ষকের চোখে। পাখির পালক, ডাক, বাসা, খাবার, চলাফেরা সবকিছু হয়ে উঠল তার অনুসন্ধানের বিষয়। সেই কিশোরই পরবর্তী সময়ে পরিচিত হন ‘বার্ডম্যান অব ইন্ডিয়া’ নামে। তিনি সালিম আলী।
আজ ১২ নভেম্বর তার জন্মদিন। ১৮৯৬ সালের এই দিনে বোম্বের এক সচ্ছল সুলেমানি বোহরা পরিবারে জন্মেছিলেন সালিম মইজউদ্দিন আবদুল আলী। নয় ভাইবোনের মধ্যে ছিলেন সবার ছোট। খুব অল্প বয়সেই বাবা-মাকে হারান। মাত্র এক বছর বয়সে বাবার মৃত্যু, আর তিন বছর বয়সে মায়ের প্রয়াণের পর তাকে বড় করেন মামা আমিরউদ্দিন তায়াবজি ও খালা হামিদা বেগম। মামা ছিলেন প্রকৃতিপ্রেমী, আবার শিকারের প্রতিও ছিল প্রবল আগ্রহ। ছোট্ট সালিমের মধ্যেও শিকারের নেশা তৈরি হয়েছিল সেই পরিবেশেই।
একটি হলুদ গলার চড়ুই
সালিমের বয়স তখন প্রায় দশ বছর। মামা তাকে উপহার দিলেন একটি খেলনা এয়ারগান। একদিন সেই বন্দুক দিয়ে একটি চড়ুই শিকার করলেন তিনি। কিন্তু পাখিটির গলার নিচে হলুদ রঙের অদ্ভুত একটি দাগ দেখে কৌতূহলী হয়ে উঠলেন। মামাও পাখিটির পরিচয় জানতেন না। পরামর্শ দিলেন, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে নিয়ে যেতে।
সেখানে পাখিটি পরীক্ষা করে পরিচয় জানালেন সোসাইটির তৎকালীন সম্মানসূচক সম্পাদক ডব্লিউ এস মিলার্ড। এটি ইয়েলো থ্রোটেড স্প্যারো—হলুদ গলাযুক্ত এক প্রজাতির চড়ুই। এরপর তিনি সালিমকে ঘুরিয়ে দেখালেন সোসাইটির সংরক্ষিত পাখির সংগ্রহ। একের পর এক পাখির নমুনা, তাদের বৈচিত্র্য আর অজানা জগৎ দেখে মুগ্ধ হয়ে গেল কিশোরটি। মিলার্ড তাকে পাখি চেনার বই পড়তে উৎসাহ দিলেন, পাখি সংগ্রহ ও সংরক্ষণের কৌশল শেখার সুযোগ করে দিলেন। এমনকি পাখি পর্যবেক্ষণের নোট রাখতেও উৎসাহিত করলেন।
সালিম আলীর নিজের ভাষায়, হলুদ গলার সেই চড়ুই তার সামনে এমন এক অজানা জগতের দরজা খুলে দিয়েছিল, যার অস্তিত্ব সম্পর্কে তিনি আগে কল্পনাও করেননি। তার আত্মজীবনী দ্য ফল অব আ স্প্যারোতে এই ঘটনাকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন।
তবে পাখির প্রতি আগ্রহ তৈরি হলেও প্রাতিষ্ঠানিক পড়াশোনায় খুব একটা মন ছিল না তার। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে চলে যান বার্মায়, বর্তমান মিয়ানমারে। সেখানে কাঠ ও টাংস্টেনের ব্যবসা দেখাশোনা করতেন। কিন্তু ব্যবসার কাজের চেয়ে আশপাশের বনজঙ্গল, পাখি আর বন্যপ্রাণীর প্রতি তাঁর আকর্ষণ ছিল বেশি। শেষ পর্যন্ত ব্যবসায় সুবিধা করতে না পেরে স্ত্রী তেহমিনাকে নিয়ে বোম্বে ফিরে আসেন।
পাখির জন্য চাকরি ছেড়ে দেওয়া মানুষটি
১৯১৮ সালে তেহমিনার সঙ্গে বিয়ে হয় সালিমের। জীবনের পরবর্তী অধ্যায়ে এই নারী হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় ভরসা। বোম্বেতে ফিরে কিছুদিন প্রিন্স অব ওয়েলস মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস বিভাগে গাইড-লেকচারার হিসেবে কাজ করেন। কিন্তু পাখি নিয়ে তাঁর আগ্রহ ছিল আরও গভীর। তিনি শুধু পাখির নাম কিংবা বাহ্যিক বৈশিষ্ট্য জানতে চাননি; জানতে চেয়েছিলেন তাদের জীবনযাপন, আচরণ, প্রজনন, আবাসস্থল এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক।
একসময় সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে যথাযথ বৈজ্ঞানিক প্রশিক্ষণ নিতে হবে। ১৯২৮ সালে জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা জাদুঘরে যান। সেখানে বিখ্যাত পক্ষিবিদ অধ্যাপক আর্ভিন স্ট্রেসেমানের অধীনে কাজ করার সুযোগ পান। ইউরোপের পাখি গবেষণার আধুনিক পদ্ধতি, নমুনা পরীক্ষা, শ্রেণিবিন্যাস এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। হেলিগোল্যান্ডে পাখির পায়ে রিং পরিয়ে তাদের পরিযান পর্যবেক্ষণের কাজও শেখেন।
১৯৩০ সালে দেশে ফিরে দেখলেন, মিউজিয়ামে তার আগের পদটি আর নেই। সরকারি চাকরির পথও প্রায় বন্ধ। কারণ, প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। একজন বিবাহিত মানুষ, সংসার আছে, অথচ নিয়মিত চাকরি না করে পাখি দেখতে চান—পরিবারের অনেকের কাছেই ব্যাপারটি ছিল অবিশ্বাস্য। কেউ কেউ তাঁকে পাগলও ভাবতেন।
কিন্তু তেহমিনা পাশে দাঁড়ালেন। পরিবারের কিহিম গ্রামের একটি ছোট কুটিরে চলে গেলেন দুজন। সমুদ্রতীরের সেই নিরিবিলি পরিবেশে পাখি পর্যবেক্ষণ ও লেখালেখিতে ডুবে গেলেন সালিম। স্ত্রী তাঁকে বলেছিলেন, যে কাজ ভালো লাগে না, শুধু জীবিকা নির্বাহের জন্য সেই কাজ করার প্রয়োজন নেই। তেহমিনা নিজেও তার লেখালেখিতে সাহায্য করতেন। সালিম আলীর ইংরেজি গদ্যকে আরও সাবলীল করে তুলতে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।
১৯৩০ সালে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির কাছে একটি প্রস্তাব রাখলেন তিনি। ভারতের পাখিদের নিয়ে সুসংগঠিত গবেষণা হয়নি। তিনি পুরো দেশ ঘুরে পাখিদের তথ্য সংগ্রহ করতে চান। বিনিময়ে বেতন নয়, শুধু প্রয়োজনীয় ভ্রমণ ব্যয় পেলেই চলবে। প্রস্তাবটি ছিল সাহসী। কারণ, তখন ভারতের বিস্তীর্ণ অঞ্চলের পাখিদের জীবন, বিস্তৃতি ও আচরণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ছিল অপ্রতুল।
এরপর শুরু হলো তাঁর দীর্ঘ মাঠপর্যায়ের গবেষণা। কচ্ছের শুষ্ক অঞ্চল থেকে হিমালয়ের বরফঢাকা পাহাড়, সিকিম থেকে কেরালা—উপমহাদেশের নানা প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি। কখনো রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়, কখনো দেশীয় রাজাদের সহায়তায়, কখনো নিজের উদ্যোগে। পাখি দেখতে দেখতে তিনি শুধু প্রজাতির তালিকা তৈরি করেননি; তাদের পরিবেশ, খাদ্যাভ্যাস, বাসা বাঁধার ধরন, প্রজনন, চলাচল ও পরিযানের তথ্যও সংগ্রহ করেছেন।
তখনকার পক্ষিবিদ্যায় পাখির শ্রেণিবিন্যাস ও শারীরিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণার প্রাধান্য ছিল। সালিম আলী গুরুত্ব দিলেন জীবন্ত পাখির স্বাভাবিক পরিবেশে আচরণ পর্যবেক্ষণে। তাঁর কাছে পাখি কেবল জাদুঘরের কাচের বাক্সে রাখা নমুনা নয়; পাখি হলো চলমান এক জীবন্ত জগৎ। কীভাবে বাঁচে, কোথায় যায়, কীভাবে পরিবেশের সঙ্গে খাপ খায় এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন তিনি। এই দৃষ্টিভঙ্গিই ভারতীয় পক্ষিবিদ্যার গবেষণায় নতুন মাত্রা যোগ করে।
বদলে যাওয়া পাখি দেখার অভ্যাস
১৯৩৯ সালে সালিম আলীর জীবনে নেমে আসে বড় শোক। সামান্য অস্ত্রোপচারের পর মারা যান স্ত্রী তেহমিনা। এই মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। দীর্ঘদিন স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারেননি। পরে ধীরে ধীরে আবার নিজেকে ফিরে পান পাখি পর্যবেক্ষণ ও গবেষণার মধ্যেই।
১৯৪১ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত বই দ্য বুক অব ইন্ডিয়ান বার্ডস। বইটির বিশেষত্ব ছিল, সাধারণ পাঠকও যাতে সহজে পাখি চিনতে পারেন, সেভাবে তথ্য ও বর্ণনা সাজানো হয়েছিল। পাখির ছবি, পরিচিতি, বিস্তৃতি ও স্বভাবের বিবরণ—সব মিলিয়ে বইটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের অসংখ্য মানুষের হাতে প্রথমবারের মতো পৌঁছে যায় পাখি চেনার সহজ একটি নির্দেশিকা। পরবর্তী সময়ে বইটির বহু সংস্করণ প্রকাশিত হয়েছে।
বইটি শুধু পাঠকপ্রিয়তাই পায়নি, পাখি পর্যবেক্ষণকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছিল। জওহরলাল নেহরুও বইটির প্রশংসা করেছিলেন। তার মেয়ে ইন্দিরা গান্ধীও পাখি ও প্রকৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠার পেছনে বইটির ভূমিকার কথা স্মরণ করেছেন।
সালিম আলীর লেখার বড় গুণ ছিল—বৈজ্ঞানিক তথ্যকে সহজ ভাষায় উপস্থাপন করতে পারতেন। তার লেখায় তথ্যের ভার ছিল, কিন্তু তা পাঠকের কাছে বোঝা হয়ে উঠত না। রসবোধ, পর্যবেক্ষণ আর গল্প বলার ক্ষমতা মিলিয়ে তিনি পাখির জগতকে পাঠকের চোখের সামনে জীবন্ত করে তুলতেন। লেখার এই গুণের স্বীকৃতি হিসেবেই একসময় রবীন্দ্রনাথ ঠাকুর ও সরোজিনী নাইডুর মতো সাহিত্যিকদের সঙ্গে তাঁকে ইন্ডিয়ান মাস্টার্স অব ইংলিশ সংকলনে স্থান দেওয়া হয়।
এদিকে মার্কিন পক্ষিবিজ্ঞানী এস ডিলন রিপলির সঙ্গে তার ঘনিষ্ঠতা ও গবেষণার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সহযোগিতায় তারা তৈরি করেন উপমহাদেশের পাখিদের ওপর দশ খণ্ডের মহাগ্রন্থ হ্যান্ডবুক অব দ্য বার্ডস অব ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ১৯৬৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে প্রকাশিত এই গ্রন্থে ভারত, পাকিস্তানসহ বাংলাদেশ, নেপাল, সিকিম, ভুটান ও শ্রীলঙ্কার পাখিদের বিস্তৃত তথ্য স্থান পেয়েছে। পাখির পরিচয়, বিস্তৃতি, স্বভাব, খাদ্যাভ্যাস, প্রজনন ও পরিবেশগত বৈশিষ্ট্য নিয়ে এটি আজও দক্ষিণ এশিয়ার পক্ষিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ।
রক্ষা করতে চেয়েছিলেন পাখির পৃথিবীটাকেও
সালিম আলীর কাজের আরেকটি বড় দিক ছিল প্রকৃতি সংরক্ষণ। তিনি বুঝেছিলেন, পাখি রক্ষা করতে হলে শুধু পাখিকে বাঁচানোর চেষ্টা যথেষ্ট নয়; বাঁচাতে হবে তার আবাসস্থলও। জলাভূমি শুকিয়ে গেলে, বন ধ্বংস হলে কিংবা মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে পাখিরাও হারিয়ে যাবে।
রাজস্থানের ভরতপুরের কেওলাদেও জলাভূমি রক্ষায় তার ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একসময় এই জলাভূমি রাজাদের হাঁস শিকারের জায়গা হিসেবে ব্যবহৃত হতো। সেখানে পরিযায়ী পাখিদের বিপুল সমাগম হলেও শিকার ও অন্যান্য কর্মকাণ্ডে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল। সালিম আলী গবেষণা, লেখালেখি ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জলাভূমিটির গুরুত্ব তুলে ধরেন। কেওলাদেওকে সংরক্ষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠার পক্ষে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে এটি জাতীয় উদ্যান ও বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়।
কেরালার সাইলেন্ট ভ্যালি রেইনফরেস্ট রক্ষার আন্দোলনেও সালিম আলীর হস্তক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বনভূমিটি ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হলে তিনি এর জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরে সংরক্ষণের পক্ষে অবস্থান নেন। তাঁর মতো বিজ্ঞানীদের প্রচেষ্টা এবং জনমতের চাপের ফলে শেষ পর্যন্ত বনটি রক্ষা পায়।
এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি—প্রজেক্ট টাইগার তাঁর হাতে গড়া প্রকল্প নয়। ১৯৭৩ সালে ভারত সরকার বাঘ সংরক্ষণের জন্য প্রকল্পটি শুরু করে। তবে সালিম আলী ছিলেন বৃহত্তর বন্যপ্রাণী ও আবাসস্থল সংরক্ষণ আন্দোলনের গুরুত্বপূর্ণ কণ্ঠ। তাঁর বিশ্বাস ছিল, একটি প্রজাতিকে রক্ষা করার অর্থ তার পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করা।
এই কাজের স্বীকৃতিও পেয়েছেন নানা সময়ে। ১৯৫৮ সালে পদ্মভূষণ এবং ১৯৭৬ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। একই বছর পান আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ জে পল গেটি বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার। পুরস্কারের অর্থের বড় অংশ দিয়ে তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে প্রকৃতি সংরক্ষণ গবেষণার তহবিল গড়ে তুলতে সহায়তা করেন। তিনটি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট দেয়। ১৯৮৫ সালে তাঁকে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়।
বাংলাদেশের দুই গবেষকের সঙ্গেও যোগসূত্র
সালিম আলীর সঙ্গে বাংলাদেশেরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তার গবেষণা ও শিক্ষাদানের পরিমণ্ডলের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের দুই বিশিষ্ট বন্যপ্রাণী গবেষক ড. রেজা খান এবং অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। ড. রেজা খান ছিলেন তাঁর সঙ্গে কাজ করা প্রথম বাংলাদেশি গবেষক। পরবর্তী সময়ে তার মাধ্যমেই অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঙ্গে সালিম আলীর গবেষণাগত যোগাযোগ তৈরি হয়।
ড. রেজা খানের কাছ থেকে শোনা একটি ঘটনা মনে পড়ে। তাঁর পিএইচডির থিসিসের তিনটি কপি ফটোকপি করাতে প্রয়োজন ছিল ৩০০ ভারতীয় রুপি। তখন তাঁর কাছে এত টাকা ছিল না। এক সহকর্মীর পরামর্শে তিনি সালিম আলীর কাছে গেলেন। সালিম আলী টাকা দিতে রাজি হলেন, তবে বললেন, পরে যেন ফেরত দেওয়া হয়। রেজা খান দেশে ফিরে প্রথম মাসের বেতন পেয়ে টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করলে সালিম আলী হেসে বলেছিলেন, তিনি নাকি টাকা ফেরত দিতে বলেননি! আসলে বেশি টাকা চেয়ে বসতে পারেন, এই আশঙ্কায় মজা করেই কথাটি বলেছিলেন।
শিক্ষার্থীদের প্রতি তাঁর মমতার আরেকটি দৃষ্টান্তও রেজা খানের কাছ থেকেই জানা। গবেষণা শেষে দেশে ফেরার সময় বিদায় নিতে গেলে সালিম আলী তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। দুজনের চোখেই তখন জল। এমনকি রেজা খানকে পরিবার নিয়ে ভারতেই থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। গবেষণার কঠোর শৃঙ্খলার আড়ালে যে স্নেহশীল মানুষটি ছিলেন, এই ঘটনাগুলো তারই পরিচয় দেয়।
রসবোধ, মোটরবাইক আর অদ্ভুত সব অভ্যাস
সালিম আলীর ব্যক্তিত্ব ছিল বেশ বিচিত্র। কাজের ব্যাপারে কঠোর, সময়নিষ্ঠ এবং খুঁটিনাটির বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। আবার রসবোধও ছিল অসাধারণ। আত্মজীবনী দ্য ফল অব আ স্প্যারো পড়লে বোঝা যায়, নিজের দুর্বলতা কিংবা বিচিত্র অভ্যাস নিয়েও হাসতে পারতেন তিনি।
মোটরবাইকের প্রতি ছিল তাঁর বিশেষ দুর্বলতা। মাঠপর্যায়ের গবেষণায় নানা দুর্গম জায়গায় যাতায়াত করতে মোটরবাইক ছিল তাঁর প্রিয় বাহন। একসময় বড় সানবিম মোটরবাইক নিয়ে ইউরোপের নানা জায়গায় গিয়েছেন। পাখির খোঁজে পাহাড়-জঙ্গল পেরোনো যেমন তাঁর কাছে ছিল আনন্দের, তেমনি দীর্ঘ পথ বাইক চালিয়েও উপভোগ করতেন।
ব্যক্তিগত জীবনেও ছিলেন বেশ সংযমী। খাবারে আড়ম্বর পছন্দ করতেন না। ধূমপান ও মদ্যপান অপছন্দ করতেন। এমনকি রাতের ক্যাম্পে কারও নাক ডাকার শব্দও তাঁর বিরক্তির কারণ হতো। বাংলাদেশের গবেষক অধ্যাপক আনোয়ারুল ইসলামের কাছ থেকে শোনা, হিমালয় অঞ্চলে একবার সালিম আলীর সঙ্গে একই কক্ষে থাকার সময় তিনি আগেই জানতে চেয়েছিলেন, আনোয়ারুলের নাক ডাকার অভ্যাস আছে কি না! উত্তর ‘না’ শুনে নিশ্চিন্ত হয়েছিলেন।
তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল একজন অনুসন্ধিৎসু মানুষ হিসেবে। বয়স বাড়লেও পাখি খোঁজার আগ্রহ কমেনি। আশির কোঠায় পৌঁছেও অভিযানে বের হয়েছেন। ১৯৮৩ সালে ৮৭ বছর বয়সে গিয়েছিলেন নামদাফা জাতীয় উদ্যানে। জীবনের শেষ দিকেও নতুন পাখি খুঁজে বেড়ানোর পরিকল্পনা করতেন। ১৯৮৫ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী দ্য ফল অব আ স্প্যারো। বইটির নামের মধ্যে রয়েছে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের একটি বিখ্যাত ভাবনার প্রতিধ্বনি, একটি চড়ুইয়ের পতনও প্রকৃতির বৃহত্তর ব্যবস্থার বাইরে নয়।
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। জীবনের শেষ দিকে তাঁর একটি বড় স্বপ্ন ছিল, ভারতে পক্ষিবিদ্যা গবেষণার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা। এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। তার মৃত্যুর কয়েক বছর পর, ১৯৯০ সালে কোয়েম্বাটোরে প্রতিষ্ঠিত হয় সালিম আলী সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি—সংক্ষেপে স্যাকন। প্রতিষ্ঠানটির নামেই রয়ে গেছে তাঁর স্বপ্নের স্মারক।
১৯৮৭ সালের ২০ জুন, ৯০ বছর বয়সে মুম্বাইয়ে মারা যান সালিম আলী। দীর্ঘদিনের অসুস্থতা ও প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই শেষ হয় সেদিন। কিন্তু পাখিদের নিয়ে তাঁর কাজ থেমে থাকেনি। তাঁর বই, গবেষণা, মাঠপর্যায়ের নোট, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং সংরক্ষণ আন্দোলনের উত্তরাধিকার আজও দক্ষিণ এশিয়ার প্রকৃতিপ্রেমী ও গবেষকদের পথ দেখায়।
আজ তাঁর জন্মদিনে তাই তাঁকে স্মরণ করার অর্থ কেবল একজন কিংবদন্তি পক্ষিবিদকে শ্রদ্ধা জানানো নয়; বরং সেই কিশোরের কৌতূহলকে বাঁচিয়ে রাখা, যে একটি ছোট্ট চড়ুইয়ের গলার হলুদ দাগ দেখে প্রশ্ন করতে শিখেছিল।








