জানেন কি

শেখ আবদুল হাকিম
১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্ম শেখ আবদুল হাকিমের। ভারত ভাগের পরপরই পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন।
পেশাদার লেখক জীবনের শুরু সেবা প্রকাশনীতে। একসময় পাঠক মূলত সেবা রোমান্টিকের লেখক হিসেবে তাকে চিনত। তবে সেবার দুই জনপ্রিয় সিরিজ মাসুদ রানা ও কুয়াশার অনেক বিখ্যাত বইয়ের ছায়া লেখক বা ঘোস্ট রাইটার তিনি।
লেখকের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় জানতে পারি, ‘জাল’ বইটির মাধ্যমে মাসুদ রানার ছায়া লেখক হিসেবে যাত্রা শুরু তার। কুয়াশা সিরিজে প্রথম ঘোস্ট রাইটার হিসেবে লেখেন ‘কুয়াশা-১০’। কাজী আনোয়ার হোসেন নিজেও মাসুদ রানার অন্যতম ছায়া লেখক হিসেবে এবং সেবায় নিজের পছন্দের লেখকদের একজন হিসেবে তার নাম বলেছেন।
মাত্র ২২ বছর বয়সে লেখেন অসাধারণ মৌলিক থ্রিলার ‘অপরিণত পাপ’।
দীর্ঘদিন সেবা প্রকাশনী থেকে বের হওয়া রহস্য পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বইয়ের স্বত্ব নিয়ে বিরোধে জড়িয়ে স্থায়ীভাবে সেবা ছাড়েন। পরে আইনি লড়াইয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের অনেকগুলো বইয়ের লেখক হিসেবে স্বত্ব ও স্বীকৃতি পান।
তার নিজের নামে লেখা-অনুবাদ করা বিখ্যাত বইয়ের মধ্যে আছে গডফাদার, কামিনী, পারফিউম, আততায়ী, দেখা হবে কবরে ইত্যাদি।
২০২১ সালের ২৮ আগস্ট শ্বাসকষ্টের জটিলতায় নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই নামি লেখক।







