একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায়: ভেক্টর
- জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

পূর্ব প্রকাশের পর
১৭. সমতলীয় ভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তবে তাদের সমতলীয় ভেক্টর বলে।
১৮. স্বাধীন বা মুক্ত ভেক্টর কী?
উত্তর: কোন ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে, তা যদি ইচ্ছামতো নির্বাচন করা যায়, তবে ওই ভেক্টরকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে।
১৯. সীমাবদ্ধ ভেক্টর বা পরাধীন ভেক্টর কাকে বলে?
উত্তর: কোন ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে, তা যদি নির্দিষ্ট করা থাকে, তবে ওই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে।
২০. সঠিক ভেক্টর কী?
উত্তর: যেসব ভেক্টরের মান শূন্য নয়, তাদের সঠিক ভেক্টর বলে।
২১. সম-প্রারম্ভিক ভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হলে তাদের সম-প্রারম্ভিক ভেক্টর বলে।
২২. অসমতলীয় ভেক্টর কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান না করে, তবে তাদের অসমতলীয় ভেক্টর বলে।
২৩. অক্ষীয় ভেক্টর কাকে বলে?
উত্তর: বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে।
২৪. ভেক্টর যোগের সাধারণ নিয়ম বলতে কী বোঝ?
উত্তর: দুটি সমজাতীয় ভেক্টরের যোগফল নির্ণয়ের জন্য প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হয়। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখার দৈর্ঘ্য ভেক্টরদ্বয়ের লব্ধির মান নির্দেশ করে এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে।
২৫. ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লিখ।
উত্তর: যদি দুটি ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে একইক্রমে কোনো ত্রিভুজের দুটি বাহু দিয়ে প্রকাশ করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীতক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে।
২৬. ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র লিখ।
উত্তর: কোনো বিন্দুতে একই সঙ্গে ক্রিয়ারত দুটি একই জাতীয় ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে উক্ত বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করলে, উক্ত বিন্দুগামী কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।
২৭. আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর কাকে বলে?
উত্তর: ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় ধনাত্মক X, Y ও Z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে ও নির্দিষ্ট করে দেওয়া হয়। এদের আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর বলে।
২৮. দিক কোসাইন কী?
উত্তর: ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাংক ব্যবস্থায় একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সঙ্গে যে তিনটি কোণ উৎপন্ন করে, তাদের Cosine-এর মানকে দিক কোসাইন বলে।
২৯. দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন বা ডট গুণন বা অদিক গুণন কাকে বলে?
উত্তর: দুটি ভেক্টর রাশিকে গুণন করলে গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে ভেক্টরের ওই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। যার মান ভেক্টরদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল এর সমান।
৩০. দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস গুণন বা সদিক গুণন কী?
উত্তর: দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ভেক্টরের ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। যার মান ভেক্টরদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এবং দিক হলো একটি ডান পাকের কর্ক স্ক্রু-কে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, ঔইদিকে হয়।
৩১. ডানহাতি স্ক্রু নিয়ম বলতে কী বোঝ?
উত্তর: দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত, সেই সমতলে ভেক্টরদ্বয়ের ছেদবিন্দুর ওপর লম্বভাবে একটি ডানহাতি স্ক্রুকে রেখে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, সেদিকেই হবে ভেক্টরদ্বয়ের ক্রস গুণনের দিক এবং এই নিয়মকেই ডানহাতি স্ক্রু নিয়ম বা ডানপাকের কর্ক স্ক্রু নিয়ম বলে।
৩২. অপারেটর কী?
উত্তর: অপারেটর হলো একটি গাণিতিক নির্দেশক বা সংকেত, যা একটি উপর্যুক্ত বস্তুর ওপর কোনো বিশেষ ধরনের অপারেশনকে বোঝায়।
(সমাপ্ত)



