সবচেয়ে কঠিন একা একা খাওয়া

চার বছর ধরে ওমানের মাসকাটে আছি। জীবিকার তাগিদেই প্রবাসে আসা। চাকরি শুরু করেছিলাম একটি বিনোদনকেন্দ্রের সেলসম্যান হিসেবে। এক বন্ধু চাকরিটা জুটিয়ে দিয়েছিল। চার বছর সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। সম্প্রতি কাজটি ছেড়ে দিয়ে নতুন কাজের সন্ধান করছি।
মাসকাটের ‘রুবি-হামরিয়া’ এলাকাটিতে গেলে মনে হয় যেন আরেক বাংলাদেশ। বিশেষ করে ছুটির দিনগুলোতে সেখানে প্রচুর বাংলাদেশি আসে। প্রবাসে সবচেয়ে কঠিন সময় হলো নিজের হাতে রান্না করে একা একা খাওয়া। দেশে থাকতে মা সবসময় টেবিলে খাবার সাজিয়ে দিতেন, সবাই মিলে একসঙ্গে খেতাম। একদিন একা একা খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ছিল। খেতে বসলে ভীষণ মন খারাপ হয়। বিশেষ করে রমজান মাসে। ওমানে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমের জীবনযাপন করেন। মাসকাটের বাংলাদেশি কমিউনিটিতে যখন দেখি কোনো বাঙালি ভাই কঠোর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করছেন বা ব্যবসায় সফল হচ্ছেন, তখন ভীষণ গর্ব হয়। মাসকাটে আসা নতুন যেকোনো বাংলাদেশি ভাইকে আমি তিনটি পরামর্শ দেব— যত দ্রুত সম্ভব আরবি ভাষা আয়ত্ত করা, ওমানের স্থানীয় নিয়মকানুন ও সংস্কৃতি ভালোভাবে জানা এবং এমন কোনো কাজের সঙ্গে যুক্ত না হওয়া, যাতে নিজের ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।



