গেম ডেভেলপমেন্টে যোগাযোগ দক্ষতাই সাফল্যের চাবিকাঠি

মডেল: কানিজ ফাতেমা তাজিন, ছবি: সাজ্জাদ হোসেন
আন্তর্জাতিক বাজারে গেম ডেভেলপমেন্ট একটি আকর্ষণীয় পেশা। এর নানা দিক, কাজের সুযোগ ও ক্যারিয়ার গড়ার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন গেম ও ভিআর ডেভেলপার শেখ সোহেল মুন
গেম ডেভেলপমেন্ট এমন এক সৃজনশীল ও প্রযুক্তিগত প্রক্রিয়া, যার মাধ্যমে কম্পিউটার, স্মার্টফোন, কনসোল বা ওয়েবসাইটের জন্য ডিজিটাল ভিডিও গেম তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় গেমের প্রাথমিক ধারণা তৈরি থেকে শুরু করে কোডিং, থ্রিডি বা টুডি গ্রাফিকস ডিজাইন, অডিও বা সাউন্ড ইফেক্ট সংযোজন, গেম টেস্টিং এবং বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ যুক্ত থাকে। একটি গেম তৈরিতে বিভিন্ন ধরনের পেশাজীবী একসঙ্গে শ্রম দেন। প্রোগ্রামাররা খেলার পদ্ধতি, চরিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিয়ম ও অভিজ্ঞতা নিয়ে এক বা একাধিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেন।
প্রোগ্রামিং কতটুকু জানতে হবে: এই পেশা বেছে নিতে চাইলে প্রোগ্রামিং এড়ানোর সুযোগ নেই। তবে শুরুতেই কয়েকশ পৃষ্ঠার সি++ বই শেষ করে তারপর গেম ইঞ্জিন চালু করতে হবে— এমন চিন্তাও সঠিক নয়। ভেরিয়েবল, লুপ, ফাংশন, অ্যারে, ক্লাস, অবজেক্ট, ইনহেরিট্যান্স এবং ইন্টারফেসের মতো মৌলিক ধারণা শিখে সেগুলো যত দ্রুত সম্ভব গেমে প্রয়োগের চেষ্টা করা উচিত। খেয়াল রাখা দরকার, প্রোগ্রামিং আর গেম প্রোগ্রামিং শেখা পুরোপুরি এক বিষয় নয়। একজন শিক্ষার্থী হয়তো জানেন লুপ কীভাবে কাজ করে। কিন্তু সেই লুপ, অ্যারে কিংবা ক্লাস ব্যবহারে একটি বাস্তব গেমপ্লে সমস্যা সমাধান করার দক্ষতাই ধীরে ধীরে তাকে গেম প্রোগ্রামার হিসেবে তৈরি করে।
কী পড়তে হবে: গেম ডেভেলপার হওয়ার জন্য এ বিষয়ে আলাদা ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একজন প্রোগ্রামারের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারে। তবে সিএসই ডিগ্রি এবং গেম ডেভেলপমেন্ট প্রশিক্ষণ অভিন্ন নয়। বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের মৌলিক জ্ঞান পাওয়া সম্ভব হলেও কীভাবে গেমপ্লে সিস্টেম ডিজাইন, একটি লেভেলকে অপ্টিমাইজ, আনরিয়েল ইঞ্জিনে ব্লুপ্রিন্ট ও সি++ একসঙ্গে ব্যবহার কিংবা সম্পূর্ণ গেম তৈরি ও প্যাকেজ করতে হয়, সেগুলো আলাদাভাবে শেখার প্রয়োজন হতে পারে। আবার সিএসই না পড়লেও গেম ডেভেলপমেন্টে আসা অসম্ভব নয়। গেম ডিজাইন, থ্রিডি আর্ট, অ্যানিমেশন, এনভায়রনমেন্ট আর্ট, ইউজার ইন্টারফেস এবং টেকনিক্যাল আর্টের মতো বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত পটভূমি থেকেও দক্ষতা অর্জন করে কাজের সুযোগ রয়েছে।
অভিজ্ঞতার আলো
সমস্যা সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে
ইমতিয়াজ হোসাইন সাবরী
সিনিয়র গেম ডেভেলপার, স্টুডিওটেকা ডিজাইন, ব্রুকলিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
বিশ্ববিদ্যালয়ে আইসিটি পড়ার সময় সি++ ও পাইথন দিয়ে ছোট ছোট গেম বানাতে শুরু করি। পরে ইউনিটি ও আনরিয়েল ইঞ্জিনের সঙ্গে পরিচিত হই। তখন নিজের ডেভেলপমেন্ট জার্নি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি ফাইবারে ফ্রিল্যান্সিং করতাম। সেখান থেকেই লিংকডইনের মাধ্যমে ২০২১ সালে ক্রোয়েশিয়ান কোম্পানি ক্যালাইডোসফটে প্রথম পেশাগত কাজের সুযোগ পাই।
অ্যান্ট্রি-লেভেলের চাকরির জন্য ছোট ছোট গেম তৈরি করে অন্তত দুই-তিনটি ভালো কাজের সমন্বয়ে একটি পোর্টফোলিও গড়ে তোলা জরুরি। শুধু টিউটোরিয়াল অনুসরণ না করে নিজে সমস্যা সমাধানের অভ্যাসও গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে চাইলে কারিগরি দক্ষতার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট এবং টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ফাইভার ও আপওয়ার্কের মতো অনলাইন কাজের প্ল্যাটফর্মেও আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজের সুযোগ রয়েছে।
অভিজ্ঞতা থেকে বলতে পারি, চাকরির ক্ষেত্রে সার্টিফিকেট বা অ্যাকাডেমিক রেজাল্টের চেয়ে বাস্তব দক্ষতা ও ভালো পোর্টফোলিও অনেক সময় বেশি গুরুত্ব পায়। নতুনদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হলো, ধৈর্য ধরে শেখা এবং শুরু করা প্রতিটি প্রজেক্ট শেষ করার অভ্যাস গড়ে তোলা জরুরি। বর্তমানে গেম ডেভেলপমেন্টে সহায়ক টুল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। তবে এআইয়ের দেওয়া সমাধান অন্ধভাবে অনুসরণ নয়; বরং তা যাচাই করে নিজের প্রয়োজন ও কাজের ধরন অনুযায়ী প্রয়োগ করতে জানা দরকার। নিয়মিত শেখা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা এই পেশায় এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।
বাংলাদেশে কোথায় শিখবেন: যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা সিএসই পড়ার মাধ্যমে এ বিষয়ে প্রাথমিক জ্ঞান নেওয়া সম্ভব। তবে নির্দিষ্টভাবে আনরিয়েল ইঞ্জিন শিখতে চাইলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগও রয়েছে। স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বর্তমানে বাংলাদেশের একমাত্র আনরিয়েল অথরাইজড ট্রেনিং সেন্টার। পাশাপাশি ইপিক গেমসের অফিসিয়াল ডকুমেন্টেশন ও লার্নিং রিসোর্স ব্যবহার করে আনরিয়েল ইঞ্জিন শেখা যায়। ইউনিটি গেম ইঞ্জিনের নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে। ইউটিউব, অনলাইন কোর্স এবং কমিউনিটির বিভিন্ন রিসোর্স থেকেও শেখা সম্ভব। তবে এলোমেলোভাবে একটি থেকে আরেক টিউটোরিয়ালে গেলে অনেক কিছু শেখা হলেও সেগুলো কীভাবে একসঙ্গে ব্যবহার করতে হয়, সেই বোঝাপড়া তৈরি নাও হতে পারে।
গেম ডেভেলপমেন্টের বড় সুবিধা হলো, এক্ষেত্রে অর্জিত দক্ষতা আন্তর্জাতিক বাজারে কাজে লাগানো সম্ভব
কাজের সুযোগ: বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এখনো প্রচলিত সফটওয়্যার ইন্ডাস্ট্রির মতো বড় নয়। তবে তার মানে দেশে কাজের সুযোগ নেই— তা নয়। দেশে গেম স্টুডিও, মোবাইল গেম ডেভেলপমেন্ট, আউটসোর্সিং, ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) বা এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) নিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন সময়ে ইউনিটি ও আনরিয়েল ইঞ্জিন ডেভেলপার, গেম ডেভেলপার, থ্রিডি আর্টিস্টসহ সংশ্লিষ্ট পদে নিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।
শুধু স্থানীয় চাকরির সংখ্যা দিয়ে এই পেশার সম্ভাবনা বিচার করলে পুরো চিত্র পাওয়া যাবে না। গেম ডেভেলপমেন্টের বড় সুবিধা হলো, এক্ষেত্রে অর্জিত দক্ষতা আন্তর্জাতিক বাজারে কাজে লাগানো সম্ভব। দেশে বসেই একজন ডেভেলপার নিজের কাজের নমুনা গিটহাব, লিংকডইন এবং খেলার উপযোগী গেমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের কাছে তুলে ধরতে পারেন।
আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে যা প্রয়োজন: ভালো ডেভেলপার হতে শুধু গেম ইঞ্জিন সম্পর্কে জানাই যথেষ্ট নয়। বিশেষ করে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করতে চাইলে নিজের কারিগরি সিদ্ধান্তের কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারা জরুরি। সাক্ষাৎকারে কেউ যদি জানতে চান, একটি নির্দিষ্ট সিস্টেম কেন এভাবে তৈরি করা হয়েছে, তখন শুধু সেটি কীভাবে কাজ করে— তা বললেই হবে না। কেন এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে, বিকল্প কোনো পদ্ধতি ছিল কি না, প্রকল্পের পরিধি বাড়লে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে কিংবা এর প্রভাব কার্যক্ষমতার ওপর কেমন পড়বে— সেসব বিষয়েও ধারণা থাকা প্রয়োজন। কেননা এখানেই একজন নতুন ও অভিজ্ঞ ডেভেলপারের মধ্যে পার্থক্য তৈরি হয়। নতুনরা সাধারণত জানতে চান, একটি ফিচার কীভাবে তৈরি করতে হয়; কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তার ধরনও বদলে যায়। তখন শুধু ফিচার তৈরি নয়; বরং পুরো প্রকল্পের জন্য সবচেয়ে কার্যকর উপায়ে সেটি কীভাবে তৈরি করা সম্ভব, সেটিই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।




