ফসল বাঁচাতে গবেষণা

গবেষণাগারে অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। ছবি: আশিকুর রহমান
অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে। এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। বাকৃবিতে পড়ার সময় থেকে লবণাক্ততা ও অতিরিক্ত তাপমাত্রার মতো প্রতিকূল পরিবেশ কীভাবে উদ্ভিদের বৃদ্ধি ও ফলন কমিয়ে দেয়, সে বিষয়ে গবেষণার প্রতি তার আগ্রহ তৈরি হয়।
জাপান সরকারের বৃত্তিসহ ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন তিনি। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া থেকে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। উদ্ভিদের কোষ কীভাবে পরিবেশের পরিবর্তন বুঝতে পারে এবং সে অনুযায়ী নিজেদের পরিবর্তন করে— এটি ছিল পিএইচডি পর্যায়ে তার গবেষণার বিষয়। তিনি উপলব্ধি করেন, উদ্ভিদের এসব বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে বাংলাদেশের কৃষির বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানো সম্ভব। সেই চিন্তা থেকেই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক উপাদান ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে— এমন ফসল উৎপাদনের উপায় নিয়ে কাজ করছেন। শেকৃবির এই অধ্যাপকের গবেষণার মূল লক্ষ্য হলো খরা, লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রাসহ নানা প্রতিকূলতার মধ্যেও ফসলের উৎপাদন ধরে রাখা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের কৃষিকে আরও টেকসই ও উৎপাদনশীল করে তোলার চেষ্টা করছেন তিনি।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কৃষির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে জলাবদ্ধতার কারণে অনেক অঞ্চলে পাট চাষ হুমকির মুখে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় তিনি ৭০টি পাটের জাত নিয়ে গবেষণা করেন। এর মধ্যে তোষা পাট ও দেশি পাটের দুটি করে মোট চারটি জাতকে জলাবদ্ধতা সহনশীল হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। গবেষণায় দেখা গেছে, এসব জাত জলাবদ্ধ পরিবেশেও ফলন পর্যন্ত টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। তবে জাতগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে জানান তিনি। এ ছাড়া খরার সময় ফসলের ফলন কমে যাওয়ার বিষয়টি নিয়েও কাজ করেছেন। তার গবেষণায় দেখা গেছে, ফসলে ন্যানো-ক্যালসিয়াম প্রয়োগ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। খরা পরিস্থিতিতে ফলন প্রায় ২০ শতাংশ এবং খরা না থাকলে প্রায় ১২ শতাংশ পর্যন্ত বাড়ার ফল পাওয়া গেছে। তার মতে, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে প্রতিকূল পরিবেশেও ফসলের উৎপাদন ধরে রাখা সম্ভব।
তার গবেষণার মূল লক্ষ্য হলো খরা, লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রাসহ নানা প্রতিকূলতার মধ্যেও ফসলের উৎপাদন ধরে রাখা
শহরাঞ্চলে ছাদবাগানকে আরও উন্নত এবং জনপ্রিয় করতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন অধ্যাপক ড. মাহবুব। ছাদবাগানে মাটি ও মাটিবিহীন— দুই ধরনের পদ্ধতিতেই গবেষণা করে সফলতা পেয়েছেন তিনি। মাটিবিহীন পদ্ধতিতে কেঁচো সার ও বায়োচার (গাছপালা, খড়, কাঠের গুঁড়া, ধানের তুষ ইত্যাদি) ব্যবহার করে শিম, টমেটো ও বেগুন চাষ করেন। গবেষণায় দেখা যায়, প্রচলিত মাটিতে চাষের তুলনায় এই পদ্ধতিতে প্রায় দ্বিগুণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এ ছাড়া ছাদবাগানে মাটির টব বা সাধারণ পাত্রের তুলনায় স্থায়ী বেডে সবজি চাষ করলে ফলন আরও বাড়ে বলেও গবেষণায় উঠে এসেছে। তার গবেষণা অনুযায়ী, স্থায়ী বেডে চাষ করলে সবজির ফলন প্রায় ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসব ফলাফল শহরের সীমিত জায়গায় কম খরচে বেশি সবজি উৎপাদনের ক্ষেত্রে ছাদবাগানকে আরও কার্যকর করে তুলছে।
ছাদ কৃষি নিয়ে গবেষণার স্বীকৃতিও পেয়েছেন অধ্যাপক ড. মাহবুব। নগর কৃষিমেলায় নগর কৃষি ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি ‘শ্রেষ্ঠ ছাদ কৃষি গবেষক’ মর্যাদা পান। এ ছাড়া ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘গ্রিন এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ফিউচার’ সম্মেলনে ‘আরবান প্ল্যানিং অ্যান্ড স্যানিটেশন’ সেশনে প্রথম স্থান অর্জন করেন। ছাদবাগান জনপ্রিয় করতে গবেষণার পাশাপাশি মাঠ পর্যায়ে এ পর্যন্ত তিন শতাধিক মানুষকে ছাদবাগান নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং এখনো নিয়মিত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ড. মাহবুবের গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত অর্থায়ন এবং আধুনিক গবেষণা সুবিধার অভাব। বিশেষ করে উদ্ভিদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রক্রিয়া বা আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করতে উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় গবেষণাসামগ্রী ও পরীক্ষার সুযোগ দরকার।



