সারাবেলা প্রজাপতি মেলা

নানা আয়োজনের প্রজাপতি মেলার এই ছবিগুলো তুলেছেন রাইসুল ইসলাম ও রহমাতুল্লাহ
প্রজাপতির রঙিন ডানার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয় ‘১৬তম প্রজাপতি মেলা’। ২০১০ সাল থেকে প্রতি বছর প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে বসে এই মেলা। এবারের প্রতিপাদ্য ছিল ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম এ আয়োজনের উদ্বোধন করেন। এখানে ৫৫ থেকে ৬০ প্রজাতির প্রজাপতি প্রদর্শন করা হয়।
মেলা ঘিরে ছিল নানা আয়োজন। ছিল উদ্বোধন অনুষ্ঠান, প্রজাপতি অ্যাওয়ার্ড প্রদান, বইয়ের মোড়ক উন্মোচন, র্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো, অরিগামি, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদানের জন্য এবারের মেলায় ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা দেওয়া হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় ১০ থেকে ১৫ জন পরিবেশবাদী তরুণ পান ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট ২০২৫’ সম্মান। ‘Larval Host Plants of Butterflies in Bangladesh’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ৫০টি প্রজাতির প্রজাপতির ছবি, জীববৈজ্ঞানিক বৈশিষ্ট্য এবং শনাক্তকরণে সহায়ক জিনভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণা ও প্রজাপতি সংরক্ষণে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন লেখক অধ্যাপক ড. মনোয়ার হোসেন।
মেলা প্রাঙ্গণে চোখে পড়ে নানা রঙের প্রজাপতি, ব্যানার, ফেস্টুন ও হরেক রকমের ঘুড়ি। পাশাপাশি ছিল শিক্ষার্থীদের শাড়ি, চুড়ি, অলংকার, শিশুদের খেলনাসামগ্রী, হরেক রকমের খাবার এবং মাটির তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল। মেলায় শিশুরা বইয়ের পাতায় কিংবা ছবিতে দেখা প্রজাপতিকে বাস্তবে দেখার আনন্দে ভেসেছে। তাদের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতা, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো ও বায়োস্কোপের আয়োজন। দর্শনার্থীরা মুখে রঙ দিয়ে প্রজাপতির ছবি এঁকেছেন। মেলার অন্যতম উদ্দেশ্য ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের সচেতনতা তৈরি করা।
মেলার আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বললেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা কারণে ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও এখন কমে প্রায় ৭২টি আছে। বাংলাদেশে প্রায় ৪২১ প্রজাতির প্রজাপতি রয়েছে। আমরা একটি প্রজাপতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করছি। মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রজাপতির আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করতে।’ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বললেন, ‘আমরা আশা করি, এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম প্রজাপতির গুরুত্ব বুঝতে পারবে এবং ভবিষ্যতে প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’



