আরও তিন পদক

প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ব্রোঞ্জপদক জয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তারা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবাহ কানেতা তারিক, একই বিভাগের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানের মরিয়ম।
সাবাহ কানেতা তারিকের তায়কোয়ান্দোতে আগ্রহ ছোটবেলা থেকে। রাজশাহীতে মার্শাল আর্ট শেখার সুযোগ খুঁজতে গিয়ে জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ে তায়কোয়ান্দো শেখানো হয়। কলেজে ওঠার পর শুরু করেন অনুশীলন। শুরুতে খেলাটি ছিল নিছক শখ। কিন্তু সেটিই একসময় তাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক মঞ্চে। মরিয়ম তায়কোয়ান্দোতে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ে এসে। তিনি বললেন, ‘আমাদের কোচ কামরুজ্জামান চঞ্চল স্যারের কথায় আগ্রহী হয়ে অনুশীলন শুরু করি।’ কামরুজ্জামান বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিভাগের সিনিয়র আপু সাবাহ কানেতা তারিকের মাধ্যমে তায়কোয়ান্দোর সঙ্গে পরিচয়। এরপর ধীরে ধীরে এর প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হয়।’
তিনজনের এই খেলায় পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্রশিক্ষক কামরুজ্জামান চঞ্চল। তার প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় নিজেদের প্রস্তুত করেছেন তারা। এই তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে তারা অংশগ্রহণের সুযোগ পান।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার অনুভূতি ছিল তাদের কাছে স্বপ্নের মতো। সাবাহ জানালেন, পদক জয়ের মুহূর্তটি তার কাছে ছিল অবিশ্বাস্য। মরিয়ম বললেন, ‘পদক নিশ্চিত হওয়ার পর মনে হয়েছে, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে।’ কামরুজ্জামান এর আগে জাতীয় এবং প্রথম আন্তঃবিভাগ প্রতিযোগিতায় দুবার ব্রোঞ্জপদক অর্জন করেছেন। তারপরও তিনি বললেন, ‘আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য কিছু অর্জন করতে পারার অনুভূতি সত্যিই অন্যরকম।’
পদক জয়ের পেছনের পথটি মোটেও সহজ ছিল না। প্রতিযোগিতার আগে প্রায় এক মাস বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে তাদের। পাশাপাশি সামলাতে হয়েছে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ইন্টার্নশিপ। সাবাহ জানালেন, এর সঙ্গে ছিল সরঞ্জাম কেনা ও যাতায়াত খরচের মতো আর্থিক প্রতিবন্ধকতা।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তাদের জন্য ছিল নতুন শিক্ষা।



