Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

খুলনা বিশ্ববিদ্যালয় : নতুন জ্ঞান সৃষ্টির অন্যতম কেন্দ্রবিন্দু

মিরাজুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:১৪
শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয় : নতুন জ্ঞান সৃষ্টির অন্যতম কেন্দ্রবিন্দু

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার ও কেন্দ্রীয় মসজিদ। ছবি : আব্দুল্লাহ আল মামুন রিয়াদ


খুলনা বিশ্ববিদ্যালয় পা রাখলো ৩৫ বছরে। শিক্ষা, গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য। কীভাবে এর যাত্রা শুরু হলো, আজকের দিনে এসে পৌঁছালো, বিশ্ববিদ্যালয়ের বিভাগ, উপাচার্যের বক্তব্য নিয়ে বিশেষ রচনা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ হাতে ছিল আনিসুর রহমানের। দেশের অসংখ্য শিক্ষার্থী যে সুযোগের স্বপ্ন দেখে, সেটি পেয়েও তিনি সেখানে ভর্তি হলেন না। তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। সে সময় ঢাকায় আন্দোলন চলছিল, আর তার বাবা থাকতেন পিরোজপুরে। এমন পটভূমিতে তিনি পা রাখলেন খুলনার একেবারে নতুন এক বিশ্ববিদ্যালয়ে, যার না ছিল কোনো ঐতিহ্য, না ছিল কোনো নজির। আনিসুর রহমান সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী। আর তার সামনে যা অপেক্ষা করছিল, তা এই-একটি দোতলা ভবন। চারটি ডিসিপ্লিন। ৮০ জন শিক্ষার্থী। যাতায়াতের জন্য একটিমাত্র বাস।

১৯৯১ সালের ৩১ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা শুরু হয়েছিল ঠিক এভাবেই। জমকালো আয়োজন ছিল না, চোখ ধাঁধানো অবকাঠামোও না। ছিল শুধু একটি স্বপ্ন, যে স্বপ্নের জন্য এই অঞ্চলের মানুষ অপেক্ষা করেছিল প্রায় দুই দশক। আজ, ২০২৬ সালে, সেই ৮০ জনের বিশ্ববিদ্যালয় ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পা রাখছে। শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে, খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে, ময়ূর নদীর গা ঘেঁষে ১০৬ একর জমির ওপর দাঁড়িয়ে আছে ক্যাম্পাসটি। রাজনীতিমুক্ত ও সেশনজটহীন উচ্চশিক্ষার মডেল হিসেবে দেশজুড়ে যার পরিচিতি।

এই লেখা সেই পঁয়ত্রিশ বছরের গল্প, দুজন মানুষের স্মৃতি আর স্বপ্নের ভেতর দিয়ে দেখা। একজন আনিসুর রহমান, প্রথম ব্যাচের শিক্ষার্থী, যিনি বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নের সাক্ষী। অন্যজন এ বছরই ক্যাম্পাসে পা রাখা প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন। মাঝখানে ব্যবধান সাড়ে তিন দশকের, কিন্তু দুজনের গল্প আশ্চর্যভাবে একই সুতোয় বাঁধা।

খুলনায় একটি বিশ্ববিদ্যালয়ের ভাবনা হঠাৎ করে আসেনি। ১৯৭৪ সালে কুদরতই খুদা শিক্ষা কমিশনের প্রতিবেদনেই খুলনা বিভাগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্বের কথা প্রথম উঠে আসে। কিন্তু ভাবনা থেকে বাস্তবে পৌঁছাতে পথ পাড়ি দিতে হয়েছে অনেক।

১৯৭৯ সালের নভেম্বরে সরকার খুলনায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় মানুষের দাবি ছিল অবশ্য ভিন্ন। তারা চেয়েছিলেন একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। ১৯৮৫ সালে সরকার দুটি কমিটি গঠন করে। জিল্লুর রহমান সিদ্দিকী কমিটি শিক্ষা ও প্রশাসনিক কর্মসূচি প্রণয়নের দায়িত্ব পায়, আর মাহবুবুজ্জামান কমিটি কাজ করে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে।

দুই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একই বছর বসে ভিত্তিপ্রস্তর। এরপর জাতীয় সংসদে পাস হয় খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০। ১৯৯১ সালে অধ্যাপক ড. গোলাম রহমান প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন, আর ৩১ আগস্ট একটি দোতলা ভবনে শুরু হয় ক্লাস।

প্রথম চারটি ডিসিপ্লিন ছিল কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (যা এখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), স্থাপত্য, নগর ও গ্রামীণ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, যা পরে পরিচিতি পায় ব্যবসায় প্রশাসন নামে। দেশের নবম পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা তাই শুরু হয়েছিল প্রযুক্তি, নকশা, পরিকল্পনা আর ব্যবস্থাপনার মতো কর্মমুখী বিষয় দিয়ে।

শুরুর দিনগুলো সহজ ছিল না। অবকাঠামো আর প্রাতিষ্ঠানিক নানা সমস্যা ছিল প্রতিপদে। আনিসুর রহমান জানান, ৪৫ জন শিক্ষার্থী থাকতেন একটি বড় কক্ষে। প্রাতিষ্ঠানিক নানা অভাব অনটনের মধ্যেও শিক্ষার্থীরা টিকে ছিলেন, কারণ শিক্ষকেরা ছিলেন আন্তরিক। তাদের সহযোগিতা আর স্বাচ্ছন্দ্যপূর্ণ পাঠদানের পরিবেশই সব সমস্যা পেরোনোর সাহস জুগিয়েছিল।
আজকের শিক্ষার্থীর কাছে কম্পিউটার মানে হাতের মুঠোর জিনিস। আর সেদিন? তাদের সময়েই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে এসেছিল কম্পিউটার। একটি নতুন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি নতুন যুগও যেন তখন ধীরে ধীরে ক্যাম্পাসে ঢুকছিল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আজকের সবচেয়ে বড় পরিচয় সম্ভবত এর রাজনীতিমুক্ত পরিবেশ। কিন্তু এই পরিচয় কোনো আইনের ধারায় লেখা হয়ে আসেনি। এর শিকড় লুকিয়ে আছে প্রথম ব্যাচের একটি শ্রেণিকক্ষে।
ক্লাস শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন কলেজের ছাত্রসংগঠনের নেতারা এসে হাজির হন। মিছিল মিটিংয়ের মাধ্যমে তারা নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলেন। তখন দেশের ক্যাম্পাসগুলোতে যে দলীয় ও লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি চালু ছিল, সেই ধারাই এখানেও ঢোকানোর চেষ্টা চলছিল।
প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তখন একটি সিদ্ধান্ত নেন। তারা শ্রেণিকক্ষেই নিজেদের মধ্যে সভা করেন, সেখানে স্থির করেন, এই বিশ্ববিদ্যালয়ে লেজুড়ভিত্তিক রাজনীতি ঢুকতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে তারা ছিলেন অনড়। আর এই অবস্থানে পাশে পেয়েছিলেন শিক্ষকদের, যারা শিক্ষার্থীদের সিদ্ধান্তকে সমর্থন ও সহযোগিতা করেছিলেন।
সেই সিদ্ধান্ত পরবর্তী সাড়ে তিন দশকে বিশ্ববিদ্যালয়ের মূল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। যে প্রজন্ম তখন নিজেরাই নিজেদের পথ ঠিক করেছিল, তারা হয়তো জানত না, তাদের সেই এক বৈঠকই একদিন দেশের উচ্চশিক্ষার আলোচনায় একটি আলাদা মডেলের নাম হয়ে উঠবে।
প্রথম চারটি ডিসিপ্লিনের সেই বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে ডালপালা মেলেছে। ১৯৯২ সালে যুক্ত হয় ‘ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি’ ও ‘মেরিন বায়োলজি’। ১৯৯৫ সালে এলো ‘বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ ও ‘এগ্রোটেকনোলজি’, ১৯৯৬ সালে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স’, ১৯৯৭ সালে ‘ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’। ১৯৯৮ সালে ‘গণিত’, ‘ফার্মেসি’ ও ‘মৃত্তিকা বিজ্ঞান’, আর ১৯৯৯ সালে ‘ইংরেজি’।
এই তালিকার দিকে তাকালে একটি বিষয় চোখে পড়ে। সুন্দরবন আর উপকূলের এত কাছে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকেই নিজের ভৌগোলিক বাস্তবতাকে চিনে নিয়েছিল। বন, সমুদ্র, পরিবেশ, মাটি আর কৃষি, এই বিষয়গুলো যেন তাকে ক্রমে এই অঞ্চলের জীবনের সঙ্গে বেঁধে ফেলেছে।
এরপর ২০০৩ সালে ‘সমাজবিজ্ঞান’, ২০০৯ সালে ‘বাংলা’, ‘পদার্থবিজ্ঞান’ ও ‘রসায়ন’, ২০১১ সালে ‘পরিসংখ্যান’ ও ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’, ২০১৫ সালে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’, ২০১৬ সালে ‘ইতিহাস ও সভ্যতা’ এবং ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’, আর ২০১৭ সালে ‘আইন’। প্রযুক্তি ও বিজ্ঞানের পাশে এভাবে জায়গা করে নিয়েছে মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভাগগুলো। শুরুর দিনের সেই ছোট্ট পরিবার বদলে গেছে এক বহুমুখী পরিবারে।
সম্প্রসারণের গল্প শুধু নতুন বিভাগের নয়। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত খুলনা আর্ট কলেজকে ২০০৯ সালে আত্মীকরণ করে বিশ্ববিদ্যালয় রূপ দেয় ‘ইনস্টিটিউট অব ফাইন আর্টস’-এ, যা ২০১৪ সালে হয় ‘ফাইন আর্টস স্কুল’। সেখানে এখন ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং’, ‘প্রিন্টমেকিং’ ও ‘ভাস্কর্য ডিসিপ্লিন’ রয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে ‘এডুকেশন স্কুল’, যার অধীনে চালু আছে ‘ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ’।
শ্রেণিকক্ষের বাইরেও গড়ে উঠেছে গবেষণার অবকাঠামো। ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ‘রিসার্চ সেল’। ২০০১ সালে চালু হয় ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এবং ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অব দ্য সুন্দরবনস’। ২০১৪ সালে আসে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’, ২০১৫ সালে ‘সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং’। প্রকাশিত হয় গবেষণা সাময়িকী ‘খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজ’, আর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক ‘খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা’। গবেষণাগারের তালিকায় আছে বায়োটেকনোলজি ও টিস্যু কালচার, ভৌগোলিক তথ্য ব্যবস্থা, ফটোগ্রামেট্রি ও রিমোট সেনসিং, ফার্ম নার্সারি ভিলেজ গবেষণাগার এবং কোস্টাল ফিশারিজ রিসার্চ স্টেশন।
সমাবর্তন হয়েছে ছয়বার। প্রথমটি ১৯৯৭ সালে, সর্বশেষ ছয় নম্বরটি ২০১৯ সালে। সব ডিসিপ্লিনের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক কম্পিউটার, ইংরেজি, বাংলা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোর্স যেন মনে করিয়ে দেয়, স্থাপত্যের শিক্ষার্থী হোন বা আইনের, সবাই এক শিকড় থেকেই উঠে আসছেন। আর বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহশিক্ষা কার্যক্রমের যে দীর্ঘ ঐতিহ্য, সেটিই ক্যাম্পাসকে করেছে প্রাণবন্ত।
একটি বিদ্যাপীঠের প্রকৃত সীমানা তার ভৌগোলিক চারদেওয়ালে আটকে থাকে না; তার আসল পরিচয় ছড়িয়ে পড়ে বিশ্বের মানচিত্রে শিক্ষার্থীদের ডানা মেলার সক্ষমতায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের ইতিহাসে সবচেয়ে দীপ্তিময় অধ্যায়গুলোর একটি হলো উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের বিশ্বযাত্রা। ময়ূর নদীর শান্ত পাড় থেকে যাত্রা শুরু করা শিক্ষার্থীরা আজ বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন।
স্নাতক শেষ করেই প্রতিবছর খুবির একঝাঁক মেধাবী তরুণ পাড়ি জমাচ্ছেন ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডুস’ স্কলারশিপ অর্জনে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে খুলনা বিশ্ববিদ্যালয় নিয়মিত এক উজ্জ্বল নাম। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট, যুক্তরাজ্যের কমনওয়েলথ ও শেভেনিং, জার্মানির ডিএএডি, জাপান সরকারের মনবুকাগুশো এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের মতো তীব্র প্রতিদ্বদ্বিতাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তিগুলো অর্জন করে বিশ্বের খ্যাতনামা ল্যাবে পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা করছেন খুবির গ্র্যাজুয়েটরা।
বিশেষ করে বায়োটেকনোলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সিএসই, গণিত ও ফার্মেসির মতো বিষয়গুলোর শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণাগারে রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শিক্ষক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন খুবির বহু অ্যালামনাই। একই সঙ্গে গুগল, মাইক্রোসফট, মেটা কিংবা অ্যামাজনের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী সংস্থায় স্থান করে নিয়ে তারা প্রমাণ করেছেন রাজনীতিমুক্ত ও মেধাভিত্তিক পরিবেশ কীভাবে একজন শিক্ষার্থীকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
শ্রেণিকক্ষের শৃঙ্খলার পাশাপাশি গবেষণার মানদন্ডে খুলনা বিশ্ববিদ্যালয় আজ জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং এবং এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে খুবির সাফল্য দেশজুড়ে আলোড়ন তুলেছে। বিশেষ করে ‘রিসার্চ কোয়ালিটি’ (গবেষণার মান) এবং ‘সাইটেশন ইমপ্যাক্ট’ এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া কিউএস, এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিং এবং গবেষণাভিত্তিক সাইমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়টির অবস্থান অত্যন্ত সুদৃঢ়।
আন্তর্জাতিক প্রকাশনার ক্ষেত্রে খুবির গবেষকরা প্রতিনিয়ত নতুন মাইলফলক ছুঁয়ে যাচ্ছেন। বিশ্বখ্যাত স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালগুলোতে প্রতিবছর প্রকাশিত হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীদের শত শত উচ্চমানের গবেষণা প্রবন্ধ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার কর্তৃক প্রস্তুতকৃত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর আন্তর্জাতিক তালিকায় প্রতিবছরই স্থান পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক গবেষক, যা আন্তর্জাতিক বিজ্ঞান মহলে ক্যাম্পাসের মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেমের জিনোমিক ম্যাপিং, উপকূলীয় লবণাক্ততা সহনশীল ধানের জাত উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কমিউনিটি ভিত্তিক অভিযোজন মডেল, ক্যানসার প্রতিরোধী প্রাকৃতিক যৌগের সন্ধান এবং আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের কার্বন স্টক পরিমাপ এসব মৌলিক ও উদ্ভাবনী গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হচ্ছে। গবেষণার এই সোনালী অর্জনগুলোই খুলনা বিশ্ববিদ্যালয়কে শুধু একটি ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়, প্রকৃত অর্থেই নতুন জ্ঞান সৃষ্টির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
এই ঐতিহ্যের উত্তরাধিকার নিয়ে ২০২৬ সালে ক্যাম্পাসে এসেছেন রিয়াদ হোসেন, বাংলা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী। একটি তথ্য লক্ষণীয়। তার ডিসিপ্লিনটি এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে ২০০৯ সালে, অর্থাৎ প্রথম ব্যাচের যাত্রার ১৮ বছর পর। যে বিশ্ববিদ্যালয় একদিন চারটি কর্মমুখী বিষয় নিয়ে শুরু করেছিল, সেখানে আজ একজন তরুণ বাংলা সাহিত্য ও ভাষা পড়তে আসতে পারেন, এটিই ৩৫ বছরের পথচলার একটি নীরব প্রমাণ।
রিয়াদ জানান, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্তটি তার কাছে হঠাৎ নেওয়া কিছু নয়। ভর্তির আগেই তার মনে বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তাকে আকৃষ্ট করেছে এখানকার রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ, সেশনজটহীনতা, একাডেমিক শৃঙ্খলা আর শিক্ষার মান।
প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে রিয়াদ বলেন, দীর্ঘদিনের স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয়, তখন যে আবেগ কাজ করে, সেটি ভাষায় প্রকাশ করা কঠিন। নতুন বন্ধু, ক্যাম্পাসের বিচিত্র সংস্কৃতি আর নানা ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ মিলিয়ে তার মনে হয়েছিল, জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো।
বাস্তবে এসে ভর্তির আগের ধারণার সঙ্গে অনেকটাই মিল পেয়েছেন তিনি, কিছু ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও ভালো। বিশেষ করে মুগ্ধ করেছে একাডেমিক পরিবেশ, নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা আর শিক্ষকদের আন্তরিকতা। এই শেষ কথাটি পড়তে গিয়ে থমকে যেতে হয়। ১৯৯১ সালের প্রথম ব্যাচের আনিসুর রহমানও কঠিন দিনগুলো পার করার কৃতিত্ব দিয়েছিলেন শিক্ষকদের আন্তরিকতাকেই। সময় বদলেছে, ভবন বেড়েছে, শিক্ষার্থী বেড়েছে, কিন্তু শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের এই উষ্ণতা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের অংশ হয়ে আছে বলেই মনে হয়।
মাত্র ৮০জন নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জেনে রিয়াদের অনু্ভূতি গর্বের, আবার দায়িত্বেরও। তার ভাষায়, তারা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী নন, এর দীর্ঘ ঐতিহ্য ও ভবিষ্যৎ নির্মাণেরও অংশীদার। এই অর্জনকে ধারণ করা এবং বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদেরও।

নিজের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন শুধু একটি ভালো ডিগ্রি বা ব্যক্তিগত প্রতিষ্ঠা নয়। তিনি এমন একজন মানুষ হতে চান, যার পরিচয় তৈরি হবে কাজ, সততা, মানবিকতা আর সমাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে। তার বিশ্বাস, একজন শিক্ষার্থীর প্রকৃত সার্থকতা তখনই, যখন তাঁর অর্জন পরিবার, সমাজ, বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। তিনি চান, তার কাজের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনামও আরও সমৃদ্ধ হোক।

৩৫ বছরের হিসাব মেলাতে গেলে বিশ্ববিদ্যালয়ের অর্জনের তালিকা ছোট নয়। আন্তর্জাতিক মানের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন, সুন্দরবন ও উপকূলীয় জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা, লবণাক্ততা সহিষ্ণু কৃষিপ্রযুক্তি উদ্ভাবন, কর্মমুখী ও ব্যতিক্রমী ডিসিপ্লিনের প্রসার, আর জাতীয় আন্দোলন, গবেষণা ও মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা, এসব মিলিয়েই খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নিজের অবদান রেখে চলেছে।
তবে প্রতিষ্ঠাবার্ষিকী কেবল পেছনে তাকানোর দিন নয়। প্রতিটি পুরোনো প্রতিষ্ঠানের মতোই এই বিশ্ববিদ্যালয়ের সামনেও কিছু প্রশ্ন আছে। শিক্ষার্থীর সংখ্যা যত বাড়ে, আবাসন, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের সম্প্রসারণের চাহিদাও তত বাড়ে। গবেষণার ফল কীভাবে বাস্তব জীবনে আর শিল্পপ্রতিষ্ঠানে কাজে লাগবে, সেই যোগসূত্র আরও জোরালো করার প্রশ্নও সামনে আছে। আর সবচেয়ে বড় প্রশ্নটি সম্ভবত এই: রাজনীতিমুক্ত ও সেশনজটহীন পরিবেশের যে পরিচয় প্রথম ব্যাচ গড়ে দিয়েছিল, আগামী দশকগুলোতে তা কীভাবে অটুট থাকবে।

এই প্রশ্নগুলোর কিছু জবাব এখন প্রশাসনের পদক্ষেপে দেখা যাচ্ছে। ২০২৪ সালের জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়। ক্যাম্পাসে স্থিতিশীলতা ফেরানো, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতি আনা, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশে প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন করা হয়েছে, স্নাতক পর্যায়ে চালু হয়েছে গবেষণা অনুদান, আর আন্তর্জাতিক জার্নালে প্রকাশনায় দেওয়া হচ্ছে আর্থিক প্রণোদনা। শিল্পএকাডেমিয়া সংযোগে জোর দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদানও দেওয়া হয়েছে।

আবাসন, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের প্রশ্নেও এসেছে নতুন পরিকল্পনা। ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে, যেখানে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণ অগ্রাধিকার পেয়েছে। দীর্ঘ সাত বছর পর সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবসে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন:
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও মর্যাদার।
তিনি আরও বলেন, জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত আছে। উপাচার্যের প্রত্যাশা, শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

খুলনা বিশ্ববিদ্যালয়গবেষণাশিক্ষাক্যাম্পাসটিএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান