বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের বিজ্ঞপ্তিটি ভুয়া

ছবি: আগামীর সময়
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে— এমন দাবিতে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।
তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি অসত্য। কৃষি মন্ত্রণালয়ও এ তথ্যকে মিথ্যা বলে সতর্ক করেছে।
কী ছবি ছড়াচ্ছে?
ফেসবুকের ‘Meju Ahamed’ নামের একটি প্রোফাইল থেকে গত ৯ অক্টোবর ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘২০২৬ সালের (বিএডিসি) সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল— এখন প্রকাশ করতে পারেন কে কাকে কত টাকা দিয়েছেন!’
ছবিতে দেখা যায়, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে প্রকাশিত একটি সরকারি নোটিস। ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জারি করা নোটিসটির স্মারক নম্বর- ২২.০০.০০০০.০৩৯.৪০.০০১.২৪-২৮৭।
নোটিসের বিষয় লেখা হয়েছে, ‘বিএডিসি সার ডিলার নিয়োগ বাতিল প্রসঙ্গে’। এতে বলা হয়েছে, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সারের সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থে বিএডিসির আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ফলে বিএডিসির সার ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ বা নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নোটিসের নিচে ৮ নভেম্বর ২০২৬ তারিখে মহাপরিচালক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষর রয়েছে। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিএডিসি চেয়ারম্যান, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানোর তালিকাও রয়েছে।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ছবিটি ১৩ বার শেয়ার করা হয়েছে।
যাচাইয়ে যা মিলছে
ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কয়েকজন মন্তব্য করেন, এটি ভুয়া। ছবিটি থেকে স্ক্রিনশট নিয়ে এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করলেও সেটিকে এআই-নির্মিত বলে ফল পাওয়া যায়।
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৮ নভেম্বর প্রকাশিত একটি নোটিস পাওয়া যায়। তবে ওই নোটিসের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নোটিসটির কোনো মিল নেই। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।
পরে কৃষি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১০ নভেম্বর আলোচিত দাবির বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, প্রচারিত আরেকটি ছবি বিশ্লেষণ করে একাধিক অসংগতি পাওয়া যায়। ওই নোটিসে স্মারক নম্বর লেখা রয়েছে ১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৪-২৮৭। নম্বরটির শেষ অংশে ‘২৪-২৮৭’ লেখার ৪ সংখ্যাটি অস্পষ্ট। আবার নোটিসের শুরুতে ‘উপর্যুক্ত বিষয়টির প্রেক্ষিতে’ লেখা হলেও এর ওপরে কোনো সূত্র বা নির্দিষ্ট বিষয়ের উল্লেখ নেই।
ওই নোটিসেও মহাপরিচালক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের নিচে দেওয়া ৯৫৩০০১৩৪ নম্বরের ফোন নম্বরের ৯ সংখ্যাটিও অস্পষ্টভাবে লেখা। এসব অসংগতি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত বিজ্ঞপ্তি বা নোটিসের বৈশিষ্ট্যের সঙ্গে মেলে।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখায় ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম নামে কোনো মহাপরিচালকের তথ্য পাওয়া যায়নি। বরং, বিজ্ঞপ্তিতে তার নামের নিচে দেওয়া ই-মেইল ঠিকানাটি ওই অধিশাখার যুগ্ম সচিব নাজনীন হোসেনের।
মন্ত্রণালয়ে মো. জাহাঙ্গীর আলম নামে একজন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। তবে মহাপরিচালক পদে তার নাম পাওয়া যায়নি।
এ ছাড়া, সার ডিলার নিয়োগ বাতিলের তথ্যটি ভুয়া বলে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, বিএডিসির আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।





