সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে তেলুগু বায়োপিকের ঘোষণা

সংগৃহীত ছবি
ভারতের রাজনীতির ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী। এবার তার জীবন ও রাজনৈতিক সংগ্রামের গল্প উঠে আসতে যাচ্ছে রুপালি পর্দায়।
সদ্য প্রকাশিত সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য তেলুগু চলচ্চিত্র।
বৃহস্পতিবার তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) কার্যনির্বাহী সভাপতি জগ্গা রেড্ডি সাঙ্গারেড্ডিতে দলের এক কর্মীসভায় এই ঘোষণা দেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জগ্গা রেড্ডি জানান, এই সিনেমার প্রযোজনার জন্য দলের নেতা-কর্মীদেরই এগিয়ে আসতে হবে।
তিনি বলেছেন, ‘আপনারা তো নির্বাচনে টাকা খরচ করেন, তাই না? এই সিনেমাটিকেও তেমনই একটি ব্যয় হিসেবে ধরে নিয়ে বাজেট তৈরি করুন এবং একজন ভালো পরিচালক ঠিক করুন।’
তার এই আহ্বানে সাড়া দিয়ে সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু তাৎক্ষণিকভাবে প্রজেক্টটির জন্য ২ কোটি রুপি অনুদানের ঘোষণা দিয়ে দেন।
ইতিমধ্যেই প্রযোজনা তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে, আর শীঘ্রই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির হাতে এই সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হবে।
প্রস্তাবিত এই বায়োপিকে গান্ধী পরিবারের পুত্রবধূ হিসেবে সোনিয়ার ভারতে আসা, স্বামী রাজীব গান্ধী ও শাশুড়ি ইন্দিরা গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পরিবারের চরম সংকটময় মুহূর্ত সামাল দেওয়া এবং রাহুল-প্রিয়াঙ্কাকে বড় করে তোলার সংগ্রামী অধ্যায় ফুটিয়ে তোলা হবে।
পাশাপাশি ২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীর পদ হাতের মুঠোয় পেয়েও তা ফিরিয়ে দিয়ে মনমোহন সিংকে দেশের শীর্ষ পদে বসানোর সেই ঐতিহাসিক ত্যাগের গল্পও পর্দায় জীবন্ত হয়ে উঠবে।
ভারতীয় রাজনীতি নিয়ে এমনিতেই তেলুগু ইন্ডাস্ট্রিতে বায়োপিকের কদর আকাশচুম্বী। এবার সোনিয়া গান্ধীর বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনকাহিনী বড় পর্দায় কতটা ঝড় তোলে, সেটাই এখন দেখার বিষয়।




