সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

গায়ত্রী সুরেশ
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম ৮’ থেকে সম্প্রতি বাদ পড়েছেন দক্ষিণি অভিনেত্রী গায়ত্রী সুরেশ। কিন্তু শো ছাড়ার ঠিক আগের মুহূর্তেই নিজের অতীতের এক ভয়াবহ ও টক্সিক প্রেমের অভিজ্ঞতার কথা প্রকাশ করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
বিগ বসের এক বিশেষ টাস্কে জীবনের সবচেয়ে বড় ট্রমার কথা বলতে গিয়ে গায়ত্রী জানান, কীভাবে একটি সম্পর্কে জড়িয়ে মারাত্মক মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে।
গায়ত্রী জানান, ২০২১ সালের একটি আলোচিত বিতর্কের সময় তিনি এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যা মূলত ছিল একটি সিচুয়েশনশিপ। কিন্তু শুরুর দিনগুলোতেই সেই তরুণের কুরুচিকর মানসিকতা প্রকাশ পায়।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘সম্পর্কের প্রথম সপ্তাহেই সে হুট করে আমাকে প্রশ্ন করে বসে— আমার এইডস আছে কি না। কথাটি শুনে আমি স্তব্ধ হয়ে যাই এবং তখনই তার সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিই। কিন্তু পরে ভাবলাম হয়তো আমি নিজেই বেশি নেতিবাচক চিন্তা করছি, তাই তাকে শুধরে যাওয়ার আরও সুযোগ দিই।’
কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ২০২১ সালের অক্টোবরে একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়েন তারা। গায়ত্রীর সেই বন্ধুটি তখন গাড়ি চালাচ্ছিলেন। তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর না থেমে সোজা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাক্কা খাওয়া গাড়ির লোকেরা তাদের পিছু ধাওয়া করে এবং একপর্যায়ে থামতে বাধ্য করে। এতে ঘটনাস্থলে প্রচুর মানুষ জমে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা পুলিশ ডাকে। ঘটনাটির একটি ভিডিও সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সেই রাতের কথা স্মরণ করে গায়ত্রী জানান, ‘পুলিশ আমাদের থানায় নিয়ে যায়। থানা থেকে ছাড়া পাওয়ার পরই সে আমাকে একটি ক্যাফেতে একা বসিয়ে রেখে তার অন্য এক প্রেমিকার সঙ্গে দেখা করতে চলে যায়। তখনই জানতে পারি, ত্রিশুরে আমার সঙ্গে সম্পর্ক রেখেই এরনাকুলামে সে অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের নাটক করছিল।’
সেই নার্সিসিস্টিক সম্পর্কের যন্ত্রণা থেকে বের হতে পেরে এখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান গায়ত্রী। তিনি বলেন, ‘আজ যদি তার সঙ্গে আমার আবার দেখা হয়, তবে আমি শুধু বলব— তোমাকে অনেক ধন্যবাদ অন্য একটি মেয়ের পেছনে যাওয়ার জন্য। যদি সে তা না করত, তবে সারাজীবন ওই নরকযন্ত্রণা আমাকেই সহ্য করতে হতো। সেই ধাক্কাই আমাকে আজকের শক্ত মানসিকতার গায়ত্রী তৈরি করেছে।’
‘ওরু মেক্সিকান অপরাথা’ ও ‘চিলড্রেনস পার্ক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি লাভ করেন গায়ত্রী সুরেশ। বিগ বসের ঘর থেকে হুট করে তার বিদায় ভক্তদের হতাশ করলেও, তার এই সাহসী স্বীকারোক্তি এখন আলোচনার শীর্ষে।




