সংগীত জীবনে দুই দশক, অল ইন্ডিয়া ট্যুরের ঘোষণা অরিজিৎ সিংয়ের

অরিজিৎ সিং
সংগীত জগতে সফল দুই দশক পূর্ণ করেছেন অরিজিৎ সিং। সেই উপলক্ষ্যে ভক্ত ও অনুরাগী মহলকে দারুণ এক চমক দিলেন তিনি। এ দীর্ঘ সফরকে স্মরণীয় করে রাখতে ২০২৭ সালে পুরো ভারত জুড়ে এক বিশাল মিউজিক্যাল ট্যুরের ঘোষণা করেছেন তিনি।
২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের মোট ৯টি বড় শহরে অল ইন্ডিয়া ট্যুর করবেন অরিজিৎ। এই মিউজিক্যাল সফরে থাকছে স্টেডিয়াম স্কেলের বিশাল আয়োজন। অরিজিৎ সিংয়ের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে— আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদ। তবে বিশেষ বিষয় হলো, কনসার্টের এ তালিকায় কিন্তু কলকাতা নেই।
স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে অরিজিৎ লেখেন, ‘২০ বছরের গানের দুনিয়া একটা সফরের মতো যার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আর এর সবচেয়ে বড় অংশ হয়ে থেকেছেন সাধারণ মানুষ ও শ্রোতারা, যারা আমার গানগুলোকে নিজেদের করে নিয়েছেন।’
তিনি আরও জানান, পুরো ভারত জুড়ে আবারও স্টেজ পারফর্ম করে শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসার সাক্ষী হতে এবং এত বছরের স্মৃতিকে নতুন করে উদযাপন করতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দর্শকদের এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করতে এই ট্যুরে থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কনসার্টগুলোয় যুক্ত করা হবে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, কাইনেটিক এলইডি ফিক্সার, প্যানোরামিক স্ক্রিন এবং লেজার অ্যারের সমন্বয়ে সুবিশাল স্টেডিয়াম স্কেল প্রোডাকশন।
চলতি বছরের শুরুর দিকে প্লেব্যাক সংগীত থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর অরিজিৎ সিং বর্তমানে নিজের মতো স্বাধীনভাবে গান তৈরি, চলচ্চিত্র পরিচালনা ও কনসার্ট নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যেই ২০২৭ সালের এই মেগা অল ইন্ডিয়া ট্যুরের ঘোষণা সংগীতে তার ২০ বছরের পথচলাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল।




