মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী

মারা গেছেন ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। খুব অল্প বয়সেই তিনি বিনোদন জগতে পা রেখেছিলেন। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। বেশ কিছু দিন ধরেই বাবা-মা ও ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকতেন তিনি। কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হতো বছরভর।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার রাত ৮টার দিকে দিব্যাঙ্কার মাথা ঘোরা শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দিব্যাঙ্কাকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী ও ভক্তরা এই শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন।
তবে আকস্মিক এই ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভাই ও দুই বোনের মধ্যে দিব্যাঙ্কা ছিলেন সবার প্রিয়। দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন।
এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। টিকটক বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামেও নিজের রাজত্ব ধরে রেখেছিলেন।




