অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বদলালেন সামান্থা, অনুপ্রেরণায় রাজ

সামান্থা ও রাজ নিদিমোরু
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আগামী বছর বিনোদনজগতে দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে গ্ল্যামার আর সফলতার এই চকমকে জীবনের পেছনে রয়েছে এক চরম মানসিক ও শারীরিক লড়াইয়ের গল্প।
বিরল ব্যাধি ‘মাইওসাইটিস’-এ আক্রান্ত হয়ে একসময় অভিনয়জগৎকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা। এমনকি ক্যামেরার পেছনে থেকে স্রেফ প্রযোজক হিসেবে কাজ করার প্রস্তুতিও নিচ্ছিলেন।
কিন্তু সেই কঠিন সময়ে তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন প্রখ্যাত পরিচালক ও তার বর্তমান স্বামী রাজ নিদিমোরু।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই আবেগঘন দিনগুলোর কথা শেয়ার করেছেন সামান্থা। তিনি জানান, অসুস্থতার কারণে যখন টানা এক বছরের বিরতিতে ছিলেন, তখন চিকিৎসকদের পরামর্শে নিজের জীবনধারা বদলে ফেলেন। অভিনয় ছেড়ে ঝুঁকে পড়েন ব্যবসার দিকে, হয়ে ওঠেন পুরোদস্তুর উদ্যোক্তা।
সামান্থার ভাষায়, ‘আমি ভেবেছিলাম শরীর বাঁচিয়ে ক্যামেরার পেছনে থেকে প্রযোজনা করব, যাতে আমার অসুস্থতার জন্য শুটিং সেটের অন্য কারও সময় নষ্ট না হয়। কিন্তু রাজ আর ‘সিটাডেল’ টিম আমার ওপর থেকে ভরসা হারায়নি। আমি যখন হাল ছেড়ে দিয়ে প্রজেক্ট ছাড়ার মেইল পাঠিয়েছিলাম, তখন রাজই আমাকে শুটিং সেটে আসার সাহস জুগিয়েছিল। ও নিজের চেয়েও আমার ওপর বেশি বিশ্বাস রেখেছিল।’
২০২২ সালে নিজের শরীরে মাইওসাইটিস নামক বিরল পেশি দুর্বল করার ব্যাধি ধরা পড়ার কথা সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন সামান্থা। মানসিকভাবে ভেঙে পড়ার সেই দিনগুলোতেও ভক্তদের ভালোবাসা আর ভালোবাসার মানুষের সমর্থন তাকে নতুন করে বাঁচার শক্তি দেয়।
অসুস্থতা কাটিয়ে উঠে সামান্থা একদিকে যেমন অভিনয়ে সফলভাবে ফিরেছেন, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন অধ্যায়।
প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুকে প্রাচীন ঐতিহ্যবাহী ‘ভূত শুদ্ধি’ রীতিতে বিয়ে করেছেন তিনি। কঠিন দিনগুলোতে একে অপরের পাশে দাঁড়িয়ে ভালোবাসার যে সুন্দর উদাহরণ তারা তৈরি করেছেন, তা বিনোদনজগতের জন্যই এক বড় অনুপ্রেরণা।






