বাংলাদেশ-ইতালি সরকারের সমর্থনে কৃতজ্ঞ বাঁধন

আজমেরী হক বাঁধন
ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হওয়ার পর সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন এই সময়ে সবার পাশে থাকাকে তিনি নিজের জীবনের বড় শক্তি হিসেবে দেখছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ভক্তদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন বাঁধন। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’
আইনি ও মানসিক সব ধরনের সহযোগিতার কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’
ভক্ত ও দেশবাসীর ইতিবাচক সাড়া তাকে অভিভূত করেছে উল্লেখ করে বাঁধন জানিয়েছেন, সবার এই ভালোবাসা পেয়ে তিনি সত্যি নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন। সবশেষে ভক্তদের কাছে আন্তরিক দোয়া চেয়ে তিনি লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ভেনিসে অবস্থানকালে সেখানকার কিছু দুষ্কৃতকারীর হামলার ও হেনস্থার শিকার হন বাঁধন। তবে ঘটনার পর থেকেই বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসনসহ দেশে-বিদেশের অসংখ্য মানুষ তার পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন।






