এবার ভূত হতে চান রাকুল

রাকুল প্রীত সিং
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। নিতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ ‘সূর্পণখা’ চরিত্রে তাকে দেখতে পাওয়ার খবরে ভক্তদের আগ্রহ এমনিতেই তুঙ্গে।
তবে শুধু পৌরাণিক চরিত্রেই আটকে থাকতে চান না তিনি। রামায়ণের শুটিংয়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রাকুল। স্পষ্ট জানালেন, ভূতের সিনেমা, ইতিহাসনির্ভর পিরিয়ড ড্রামা কিংবা হৃদয়বিদারক প্রেমের গল্পে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
সম্প্রতি এনডিটিভির সঙ্গে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রাকুল জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরণের চরিত্রে অভিনয় করলেও এখনো অনেক জেনার ধরা-ছোঁয়ার বাইরেই থেকে গেছে।
তার ভাষ্যমতে, ‘আমি এখনো খাঁটি কোনো হৃদয়বিদারক ভালোবাসার গল্পে কাজ করার সুযোগ পাইনি, যা করার খুব ইচ্ছে আমার। এমনকি কোনো ঐতিহাসিক চরিত্র বা ভূত-প্রেতের হরর সিনেমাও করা হয়নি। এমন অনেক কাজই বাকি রয়ে গেছে, যা নিয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চাই।’
শুধু বড় বাজেট কিংবা নামিদামি প্রজেক্ট হলেই এখন আর সায় দেন না রাকুল। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের অভিনয়ের প্রতিভাকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি।
রাকুলের কথায়, ‘আমি এখন জীবনের এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে স্রেফ স্ক্রিন টাইম নয়, বরং অভিনয়ের গভীরতা আর দম আছে, এমন কাজকেই প্রাধান্য দিতে চাই। যা আমাকে ভেতর থেকে নতুন করে রোমাঞ্চিত করবে।’
দুই পর্বে নির্মিত হতে যাওয়া এই মেগা বাজেট ‘রামায়ণ’ সিনেমায় ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং রাবণ চরিত্রে হাজির হবেন দক্ষিণী মেগাস্টার যশ। এ ছাড়া সীতার চরিত্রে সাই পল্লবী ও হনুমানের চরিত্রে সানি দেওলসহ আরও একঝাঁক তারকা রয়েছেন এতে।
২০২৬ সালের ৬ নভেম্বর আন্তর্জাতিকভাবে এবং দীপাবলিতে ভারতে মুক্তি পাবে সিনেমাটির প্রথম পর্ব। আর এই মহাকাব্যিক প্রজেক্টের পরপরই নতুন কোনো ভুতুড়ে কিংবা ঐতিহাসিক রূপে রাকুলকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তার অনুরাগীরা।






