প্রথম তামিল সিনেমা হিসেবে হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

‘মহারাজা’ সিনেমায় বিজয় সেতুপতি
তামিল সিনেমা জগতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। অভিনেতা বিজয় সেতুপতি ও নিতিলান স্বামীনাথন পরিচালিত ২০২৪ সালের সাড়া জাগানো তামিল ক্রাইম-থ্রিলার ‘মহারাজা’ এবার তৈরি হতে যাচ্ছে হলিউডে।
প্রথম কোনো তামিল সিনেমা হিসেবে হলিউডের প্রথম সারির কোনো নামকরা স্টুডিওর প্রযোজনায় এই ছবিটির রিমেক হতে চলেছে এমনটাই দাবি নির্মাতাদের।
গত বুধবার, ১৬ সেপ্টেম্বর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় উল্লাসে মেতেছেন সিনেমা প্রেমীরা। ‘কনটেন্ট ভালো হলে দুনিয়া কাঁপানো যায়’— এমন মন্তব্যে ভাসছেন বিজয় সেতুপতি ও ছবির পরিচালক নিতিলান।
হলিউড ভার্সনের খবর আসতেই গুঞ্জন রটেছে, বিজয় সেতুপতির সেই আইকনিক চরিত্রে দেখা যেতে পারে অস্কারজয়ী হলিউড তারকা ম্যাথিউ ম্যাককনেহিকে।
তবে ছবিটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, মূল চরিত্রের জন্য হলিউডের এ-লিস্ট বা শীর্ষ তালিকার একজন অভিনেতার কথা ভাবা হচ্ছে এবং আগামী বছরই শুরু হবে শুটিং।
ম্যাথিউ ম্যাককনেহির বিষয়ে তিনি জানান, তিনি আলোচনার তালিকায় থাকলেও কাস্টিং এজেন্সি খুব শিগগিরই মূল অভিনেতার নাম ঘোষণা করবে।
২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া এই ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছিলেন অনুরাগ ক্যাশপ, মমতা মোহনদাস ও সাচানা নমিদাস। ছবির গল্প শুরু হয় ‘লক্ষ্মী’ নামের একটি লোহার ডাস্টবিন চুরির অদ্ভুত এক পুলিশি অভিযোগ দিয়ে।
তবে পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন প্রকাশ পায় এক করুণ ও অন্ধকার সত্য। ডাস্টবিন চুরির আড়ালে একজন বাবার লুকিয়ে থাকা সেই আসল কারণ দর্শকদের বাকরুদ্ধ করে দিয়েছিল।
বক্স অফিসে তুমুল সাফল্যের পর ওটিটিতেও বিশ্ব জুড়ে রেকর্ড সাড়া ফেলেছিল সিনেমাটি। আর এবার প্রথম তামিল ছবি হিসেবে সরাসরি হলিউড জয় করতে চলেছে ‘মহারাজা’।




