‘ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি’, নতুন যাত্রার বার্তা রাশমিকার

রাশমিকা মান্দানা
ভারতের সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র এবং প্রথম ভারতরত্নপ্রাপ্ত সুরসম্রাজ্ঞী এম এস সুব্বুলক্ষ্মীর কালজয়ী জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। মেগা বাজেটের এই প্যান-ইন্ডিয়ান বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। বুধবার চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এই কিংবদন্তি গায়িকার ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক জাকজমকপূর্ণ আয়োজনে সিনেমাটির মহরৎ ও পূজা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনেমার প্রথম শটের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন। অনুষ্ঠানে সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শীর্ষ প্রযোজক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
দক্ষিণী হিটের রূপকার গৌতম তিন্নানুরি দীর্ঘ এক বছর গবেষণা চালিয়ে সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ এবং বানি ভাসের যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই মেগা প্রজেক্টের মিউজিক পরিচালনা করবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
অনুষ্ঠানে পরিচালক জানান, ‘আজকাল লাইক আর সাবস্ক্রাইবারে রাতারাতি তারকা হওয়া যায়, কিন্তু এম এস আম্মা সারা জীবনের সাধনা, ধৈর্য আর ত্যাগ দিয়ে স্থান করে নিয়েছিলেন। আমরা তার গানের পেছনের মানুষটিকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’
কিংবদন্তি এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি রাশমিকা মান্দানা। মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।’
শুভ মহরতে এসে তরুণ প্রজন্মের প্রশংসা করে কমল হাসন বলেছেন, ‘এম এস সুব্বুলক্ষ্মী আম্মার সুর পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল। আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।’
তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম— এই চার প্রধান ভাষায় একযোগে নির্মিত ও মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত এই বায়োপিক। সিনেমার নাম ও প্রথম ঝলক খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।




