নৌকা থেকে ধানের শীষে? শিমলাকে ঘিরে জোর আলোচনা

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার মাঠে সরব হয়ে উঠেছেন সংস্কৃতি অঙ্গনের তারকারা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন একঝাঁক শিল্পী। শিমলার সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ। তারা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিমলা বলেন,
“আমি শিমলা। ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তবে এবারের প্রচারণায় ধানের শীষের পক্ষে শিমলার উপস্থিতি অনেকের মধ্যেই বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সে সময় বিভিন্ন গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও স্বপ্ন দেখার কথাও বলেছিলেন শিমলা।
রাজনৈতিক অবস্থানের এ পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন এই অভিনেত্রী।















