তৌসিফ এখন মিডিয়ার অনেকের অভিভাবক

শবনম ফারিয়া ও
ছোট পর্দার অন্যতম ভার্সেটাইল অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তৌসিফকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
পোস্টে তৌসিফের সঙ্গে নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বের নানা অজানা স্মৃতিচারণ করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, অভিনয়ের শুরুর দিকে বাসা থেকে ঢাকার বাইরে কিংবা রাতে শুটিংয়ের কোনো অনুমতি পাওয়া যেত না। কিন্তু একমাত্র তৌসিফ সঙ্গে থাকলেই পরিবার তাকে শুটিংয়ের অনুমতি দিত।
এমনকি দেশের বাইরে তার জীবনের প্রথম শুটিংয়ের পারমিশন পাওয়ার পেছনেও মূল ভূমিকা রেখেছিলেন তৌসিফ ও সিয়াম।
তৌসিফের দায়িত্ববোধের প্রশংসা করে ফারিয়া আরও উল্লেখ করেন, সে বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল ছিলেন যে ফারিয়ার মা তাকে ফারিয়ার অভিভাবক বানিয়ে দিয়েছিলেন।
শুধু তাদের বন্ধু মহলেই নয়, তৌসিফ এখন মিডিয়ার অনেকেরই অভিভাবক হয়ে উঠেছেন। সহকর্মীদের বিপদ-আপদে বা প্রয়োজনে সবার আগে তৌসিফ সাহায্য নিয়ে এগিয়ে আসেন, এমন গল্পও জানান ফারিয়া।
অভিনেতা তৌসিফের ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করে পোস্টে ফারিয়া লেখেন, তৌসিফ হয়তো ভবিষ্যতে আরও অনেক বড় অভিনেতা হবেন, কিন্তু একজন ভালো মানুষ হিসেবে ‘ব্যক্তি তৌসিফ’ এরই মধ্যে অনেক বড় হয়ে গেছেন।
নির্মাতাদের আস্থার জায়গা অর্জন করা থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা, জারার মতো একজন গোছানো ও লক্ষ্মী স্ত্রী, বাবা-মায়ের যোগ্য সন্তান এবং তাদের মতো ভালো বন্ধুরা- সব মিলিয়ে তৌসিফ তার জীবনকে সুন্দরভাবে সাজিয়েছেন।
পোস্টের শেষে তৌসিফ মাহবুবকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন তৌসিফ মাহবুব। তুমি আজকের যে মানুষটিতে পরিণত হয়েছ, তার জন্য আমি ভীষণ গর্বিত।’
বন্ধু তৌসিফের জন্মদিনে ফারিয়ার এই ভালোবাসায় ভরপুর ও স্মৃতিকাতর পোস্টটি এখন সামাজিকমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।




