ফের মঞ্চে হাজির হচ্ছেন নওশাবা

দীর্ঘদিন পর আবারও মঞ্চে ফিরেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। সিনেমা, ওয়েব সিরিজ ও নাটকের পাশাপাশি একসময় নিয়মিত থিয়েটার করলেও মাঝে দীর্ঘ সময় পর্দায় কোনো কাজ করেননি তিনি। নিজের ভেতরের শিল্পীসত্তাকে জাগিয়ে রাখতেই আবার মঞ্চে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একের পর এক মঞ্চনাটকে দেখা যাচ্ছে নওশাবাকে। কয়েক দিন আগে ‘টুগেদার উই ক্যান’-এর ‘মায়ের জন্যে’ উৎসবে ‘ধরণীর গান’ নিয়ে মঞ্চে ওঠেন তিনি। এরপর বটতলার আয়োজনে একই নাটকে অভিনয় করেন। এবার তীরন্দাজ রেপার্টরির প্রযোজনা ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকে ‘মিলি’ চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নওশাবা।
নিজের এই মঞ্চে ফেরার গল্প জানিয়ে নওশাবা বলেন, ‘একসময় সিনেমা, ওয়েব সিরিজ বা নাটকের পাশাপাশি নিয়মিত থিয়েটার করা হতো। কিন্তু মাঝে দীর্ঘদিন পর্দায় কোনো কাজই করা হয়নি। নিজের ভেতরের শিল্পীসত্তাটাকে জাগিয়ে রাখতেই আবার মঞ্চে ফিরে আসা। এখন শুধুই টুগেদার উই ক্যানকে আঁকড়ে ধরে আছি।’
তিনি আরও বলেন, ‘শিল্পীসত্তাকে টিকিয়ে রাখার এই লড়াইয়ে পাশে থাকার জন্য আরশিনগর, বটতলা এবং তীরন্দাজকে অন্তর থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। তীরন্দাজ রেপার্টরির প্রযোজনায় নাটকটির প্রদর্শনী হবে ১২ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায়। ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বসবে এ আয়োজন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা বলেন, ‘বহুদিন পর প্রিয় দীপক সুমন, ইমন ভাইয়ের সঙ্গে আবার স্টেজ শেয়ার করতে পেরে দারুণ লাগছে। খালিদের সঙ্গে এবারই প্রথম মঞ্চে ওঠা আমার।’
দর্শকদের উদ্দেশে নওশাবা বলেন, ‘আপনারা সবাই সাদর আমন্ত্রিত। আমার এই পথচলাকে সার্থক করতে আপনাদের উপস্থিতি, ভালোবাসা আর দোয়াই সবচেয়ে বড় প্রেরণা। অবশ্যই শো দেখতে চলে আসবেন।’




