মঞ্চে আসছে ‘হ্যানিম্যান’

‘হ্যানিম্যান’ নাটকে মীর জাহিদ হাসান - মহাকাল নাট্যসম্প্রদায়
রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘হ্যানিম্যান’। এদিন থাকছে অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির পঞ্চম প্রদর্শনী। এর নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এতে একক অভিনয় করবেন মীর জাহিদ হাসান। হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মকে আশ্রয় করে নির্মিত হয়েছে নাটকটি।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বললেন, ‘এটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবতার গল্প। নাটকের সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে।’ নাটকটির আলোক পরিকল্পনায় আছেন আবু আজাদ, সেট ও প্রপসে পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা, মিউজিকে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা, মেকআপে শুভাশীষ দত্ত তন্ময় এবং পোস্টার এঁকেছেন চারু পিন্টু।
মাসুম রেজার পাণ্ডুলিপি পাঠ
দেশে নাটকের পাণ্ডুলিপি পাঠকে নিয়মিত সাংস্কৃতিকচর্চায় পরিণত করার প্রত্যয়ে গত ২৭ জুন যাত্রা শুরু করে ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ’। নতুন নাটকের পাণ্ডুলিপি পাঠ করে আয়োজনটির সূচনা করেছিলেন নাট্যজন মামুনুর রশীদ।
গত ২৪ জুলাই আয়োজনটির দ্বিতীয় আসরে নতুন নাটকের পাণ্ডুলিপি পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যকার আনন জামান।
এবার আয়োজনটিতে পাণ্ডুলিপি পাঠ করবেন নাট্যকার মাসুম রেজা। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।





