কানাডায় শো শেষে প্রাণঘাতী হামলার মুখে পাঞ্জাবি গায়ক

অ্যামি ভিরক। ছবি: ইনস্টাগ্রাম
কানাডায় কনসার্ট শেষে ফেরার পথে ভয়াবহ বন্দুক হামলার মুখে পড়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা অ্যামি ভিরক। ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে তার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা নির্বিচারে গুলি চালায়। তবে অলৌকিকভাবে এই ঘটনায় তিনি সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত আছেন।
ঘটনাটি ঘটে গত শনিবার। ভয়েস অনলাইনের রিপোর্ট অনুযায়ী, ম্যাকক্যালাম রোড দিয়ে যাওয়ার সময় একটি গাঢ় রঙের এসইউভি গাড়ি থেকে অ্যামি ভিরকের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কিছু প্রতিবেদন দাবি করেছে, অ্যামি যে বিলাসবহুল রোলস রয়েস কুলিনান গাড়িতে ছিলেন, সেটিকে লক্ষ্য করে অন্তত ৭ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা।
গাড়িটি বুলেটপ্রুফ হওয়ার কারণে বড় ধরণের বিপদের হাত থেকে বেঁচে যান ভেতরে থাকা চারজনই। তবে বাবুশাহি নেটওয়ার্ক নামে এক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অ্যামির বাবা কুলজিৎ সিং কিন্তু গোলাগুলির এ ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন।
পাঞ্জাবি শিল্পীদের ওপর এমন হামলা অবশ্য নতুন নয়। গায়ক সিধু মুসেওয়ালার নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই পাঞ্জাবি তারকাদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামি ভিরকও নিজের আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, ‘বিনোদন জগতে আমাদের যেমন অগুনতি ভক্ত রয়েছে, তেমনি আড়ালে শত্রুরও অভাব নেই। মূলত পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেই স্বজনদের সবসময় প্রচারের বাইরে রাখি।’ কানাডার মাটিতে এই হামলার ঘটনার মধ্য দিয়ে যেন তার সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো।
‘কিসমত’, ‘দরিয়া’র মতো সুপারহিট গানের পাশাপাশি পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অ্যামি ভিরক।
বলিউডে ‘৮৩’, ‘ব্যাড নিউজ’, ‘খেল খেল মেঁ’ এবং ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় তার অভিনয় দর্শক জুড়ে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তাকে দেখা গেছে ‘গোড্ডে গোড্ডে চা ২’ সিনেমায়।






