যে কারণে বিহারে কনসার্ট করতে পারেননি দিলজিৎ দোসাঞ্জ

দিলজিৎ দোসাঞ্জ
জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট মানেই লাখ লাখ ভক্তের উন্মাদনার ঢল। ৩০ অক্টোবর থেকে দিল্লিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে তার মেগা প্রোগ্রাম ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’।
তবে শো শেষে ইনস্টাগ্রাম লাইভে এসে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এই তারকা। জানালেন, বিহারের ভক্তদের জন্য পারফর্ম করার তীব্র ইচ্ছা থাকলেও সেখানকার প্রশাসন ভিড় সামলানোর দায়ভার তার ওপর চাপিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা।
ইনস্টাগ্রাম লাইভে এসে দিলজিৎ আফসোস করে বলেন, গত বছরও তিনি বিহারে শো করার সবরকম চেষ্টা করেছিলেন। কিন্তু আয়োজক ও স্থানীয় প্রশাসন সাফ জানিয়ে দেয়, কনসার্টে আসা লাখো মানুষের নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার দায়িত্ব দিলজিৎকেই নিতে হবে।
গায়কের কথায়, ‘আমি পরিষ্কার বলে দিয়েছি যে বিশাল এই ভিড় সামলানোর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে, আমার পক্ষে তা সম্ভব নয়। তারা দায়িত্ব না নেওয়ায় শো-ও আর করা হয়নি।’
দিল্লির কনসার্ট নিয়েও শুরুতে কম বিতর্ক হয়নি। উৎসবের মৌসুমে নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রথমে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে সব বাধা অতিক্রম করে সফল শো শেষে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন দিলজিৎ।
২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ‘অনেকে আমাকে নিয়ে নেতিবাচক খবর তৈরি করবে, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। নিজের ইচ্ছে হলেই কেবল থামব, তার আগে নয়।’
দিল্লির পর চণ্ডীগড়, কলকাতা, মুম্বাই ও বেঙ্গালুরুসহ ভারতের প্রধান শহরগুলোতে ঝড় তুলতে প্রস্তুত এই জনপ্রিয় পাঞ্জাবি গায়ক।




