চা বাগানের রক্তাক্ত অধ্যায় কোক স্টুডিওর গানে

ছবি: আগামীর সময়
সবুজ চা-পাতা থেকে তৈরি লাল চায়ের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের দীর্ঘ বঞ্চনা, নিপীড়ন ও সংগ্রামের ইতিহাস। চা-শিল্পের সেই রক্তাক্ত অধ্যায়ের অন্যতম ঘটনা ‘চরগোলা এক্সোডাস’, যা ইতিহাসে ‘মুলুক চলো আন্দোলন’ নামে পরিচিত। এবার সেই ইতিহাস ও চা শ্রমিকদের জীবনসংগ্রাম উঠে এসেছে সমকালীন সংগীতের ভাষায়।
ঐতিহাসিক ‘মুলুক চলো আন্দোলন’কে উপজীব্য করে কোক স্টুডিও বাংলার সিজন ৪-এ তৈরি হয়েছে বিশেষ গান ‘মুল্লুক’। মেঘদল ব্যান্ডের সংগীতায়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগানের চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেল ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।
গানটির মূল অনুপ্রেরণা চা-বাগানের শ্রমিকদের জীবন, বঞ্চনা ও প্রায় এক শতাব্দী আগের মুলুক চলো আন্দোলন। নিজেদের শিকড়, মাটি ও আপন ঠিকানায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও এতে তুলে ধরা হয়েছে।
মেঘদলের শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে চা-শিল্পীদের মাটির কাছাকাছি কণ্ঠের সঙ্গে মেঘদলের সমকালীন সংগীতধারার মেলবন্ধন ঘটেছে। এতে যুক্ত হয়েছে শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ। গানটির ভিত্তিতে রয়েছে ঐতিহ্যবাহী লোকগান ‘পিঞ্জরাকে পুষল ময়না’-এর পঙ্ক্তি ও সুরের আবহ।
শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগানের রনজিত কুমার তাঁতির সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে চা শ্রমিকদের জীবন, সংস্কৃতি ও সংগ্রামের নানা গল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে টিকে থাকা লোকগানের মাধ্যমে এসব স্মৃতি ও ইতিহাস বহন করে চলেছেন চা-বাগানের মানুষ।
মেঘদল দীর্ঘদিন ধরে বাংলা বিকল্পধারার সংগীতে কাজ করছে। সাহিত্য, লোকঐতিহ্য ও রকসংগীতের সমন্বয়ে এবার তারা চা শ্রমিকদের ইতিহাস ও সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
‘মুল্লুক’ শুধু অতীতের একটি আন্দোলনের স্মরণ নয় নিজের মাটি, ঘর ও আপন ঠিকানায় ফিরে যাওয়ার মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার কথাও বলে। লোকগানের শিকড় ও ইতিহাসের স্মৃতিকে সমকালীন সংগীতের ভাষায় তুলে ধরার এই প্রয়াস চা শ্রমিকদের সংগ্রামের ইতিহাসকে নতুনভাবে জানার সুযোগ তৈরি করবে।







