আগামীর সময়

একাত্তরের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

একাত্তরের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন

ডালিয়া নওশীন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বেগম ডালিয়া নওশীন মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বেগম ডালিয়া নওশীনের খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

বেগম ডালিয়া নওশীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ক্যানসার আক্রান্ত ছিলেন দীর্ঘদিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

সাদিয়া আফরিন মল্লিক বলছিলেন, মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে ডালিয়া নওশীনের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

বেগম ডালিয়া নওশীনের দুই ছেলে। একজন থাকেন যুক্তরাষ্ট্রে, আরেকজন স্পেনে।

নজরুল সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন বেগম ডালিয়া নওশিন। সংগীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।

মাত্র পাঁচ বছর বয়সে সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতের দীক্ষা নেন বেগম ডালিয়া নওশীন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সংগীতের পাঁচ বছর মেয়াদী শিক্ষা নিয়ে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ১৪ বছরের কিশোরী। এপ্রিল মাসে পরিবারের সঙ্গে তিনি কলকাতায় চলে যান এবং ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’য় যোগ দেন।

তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামে একটি গীতিনাট্য গেয়েছিল। পরে সেই গীতিনাট্যের নাম বদলে ‘মুক্তির গান’ নাম দেওয়া হয়। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্বাধীন বাংলাদেশের পক্ষে সংগীত পরিবেশন করতেন তারা।

    শেয়ার করুন: