সাহেদ ভাই : সহজিয়া গানওয়ালা

গ্রাফিকস: আগামীর সময়
সদ্যপ্রয়াত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার
‘তুমি তো ফাটাইয়া দিসো মিয়া।’
‘কী সাহেদ ভাই?’
‘আরেহ, তোমার নতুন গানটা শুনলাম, ফাটায় দিসো।’
এই ছিলেন সাহেদ ভাই। দিল খোলা, উদার, সহজ আর প্রাণোচ্ছল। তাকে প্রথম চিনেছি তার ‘গান নেবেন গান’ অ্যালবামের সিডি কভারে। কী অসাধারণ অ্যালবাম। কী আধুনিক প্রচ্ছদ। তারপর সরাসরি গান শুনলাম ধানমন্ডি ওম্যান কমপ্লেক্সে। তখনো শ্রোতা হিসেবেই গান শোনা।
সাহেদ ভাই এক অবাক গানওয়ালা। আমার যেমন পছন্দ। একই সঙ্গে সিঙ্গার-সংরাইটার। ঠিক কবে তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, মনে পড়ে না। এবিসি রেডিও, জি সিরিজের অফিস, কনসার্টের ব্যাক স্টেইজ— কত জায়গায় কত স্মৃতি। তবে সাহেদ ভাইয়ের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে পথে। হয়তো বিষয়টা প্রতীকী। কারণ আমাদের পথ যে এক, নিজের মতো গান লিখে, সুর করে গাইবার যে যাত্রা, সেখানে সাহেদ ভাই অগ্রপথিক। পরিবাগ-শাহবাগ-ক্যাম্পাস-এলিফ্যান্ট রোড-ধানমন্ডি। এ পথেই দেখা হয়ে যেত যখন তখন। আমরা দুজনই হাঁটতে পছন্দ করি। দেখা হলেই সাহেদ ভাই জিজ্ঞেস করতেন, ‘কোন দিকে যাও?’ পথ মিলে গেলে একসঙ্গেই হাঁটা দিতাম।
এবিসি রেডিওতে রাতের ফোনোলাইভ উপস্থাপনা করতেন সাহেদ ভাই। এমন সপ্রতিভ গানের আয়োজন খুব কম পেয়েছি। পুরো শো তিনি দারুণ জমিয়ে রাখতেন। শোয়ের মধ্যে ব্রেকগুলো ছিল আরও দারুণ। কারণ চা খেতে খেতে কত বিষয়ে যে আলাপ হতো। আমার গানের ক্যারিয়ারের শুরুর দিক তখন। সে সময় এবিসিতে অনুষ্ঠান ছাড়াও নানা আড্ডায় যেতাম। তিনি প্রাণ খুলে কথা বলতেন, অনুপ্রেরণা দিতেন।
সাহেদ ভাই গামছা পরতেন। আমিও পরি নিয়মিত। আমরা মজা করে নিজেদের গামছাতুতো ভাই বলতাম। তিনি ছিলেন দিলখোলা মানুষ। হাসতেন, হাসাতেন। মন খুলে কথা বলতেন। কখনো শুনিনি কারও নামে পেছনে কথা বলতে। আমি যখন জি সিরিজ থেকে বের হয়ে নিজেই রেকর্ড লেবেল করলাম, খুব সাহস দিলেন। বলেছিলেন, ‘কাজের কাজ করসো মিয়া। আমরা তো পারলাম না। নিজের অধিকার নিজের কাছে রাখো।’
আমরা মজা করে নিজেদের গামছাতুতো ভাই বলতাম
সাহেদ ভাইয়ের সঙ্গে একটা দারুণ রাতের স্মৃতি আছে আমার। বাংলাভিশনে একটা অনুষ্ঠান হতো, নাম ‘রাত বিরাতে’। একটা রাত ভোর পর্যন্ত সেই অনুষ্ঠানের শুটিং করেছিলাম একসঙ্গে। ওই অনুষ্ঠানে একটা অংশে অতিথির প্রিয় একজনের সঙ্গে না বলে দেখা করার কথা। আমরা ঠিক করলাম, না জানিয়েই দেখা করব আমার প্রিয় মানুষের সঙ্গে। যাব বাপ্পা ভাইয়ের স্টুডিওতে। কারণ, আমি নিশ্চিত এই মাঝরাতে বাপ্পা ভাই ঠিকই স্টুডিওতে কাজ করছেন। যেমন ভাবা, তেমন কাজ। স্টুডিওতে ক্যামেরা সমেত চলে গিয়ে চমকে দিলাম বাপ্পা ভাইকে। সেই আয়োজনে আমি বেশ আবেগপ্রবণ হয়ে গেলে সাহেদ ভাই ঠিকঠাক সামলে নিয়েছিলেন। তারপর আমরা শহরের নানা জায়গা ঘুরে টিএসসির উল্টোদিকের গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে ভোরের কাছাকাছি শেষ করি সেই অনুষ্ঠানের শুটিং।
সাহেদ ভাই চলে গেলেন গত ১৩ নভেম্বর। ঠিক এক বছর আগে বিশ্বসাহিত্য কেন্দ্রে আমার প্রতিষ্ঠিত আজব প্রকাশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছিলেন তিনি। অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছিল বলে কেন্দ্রের ছাদে অনেকক্ষণ চা সমেত আড্ডা দিয়েছিলাম। তারপর অনুষ্ঠানে সাহেদ ভাই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিয়েছিলেন।
সাহেদ ভাইয়ের সঙ্গে সশরীরে শেষ দেখা এ বছর বইমেলায়। ইফতারের পর ফাঁকা মেলায় আমার স্টলের উল্টোদিকে দেখা হলো। সবসময়ের মতো আদরমাখা কণ্ঠে জানতে চাইলেন, কেমন আছি। তারপর গান নিয়ে কথা। একটা ট্রিপল অ্যালবামের কাজ করছিলেন তিনি অনেক বছর ধরে। সেই অ্যালবাম শেষ প্রায়, জানালেন। ২৪ গানের এই ট্রিপল অ্যালবাম রিলিজ হওয়ার কথা ছিল ৬ নভেম্বর। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন তিনি। আর ফিরলেন না। অ্যালবামটা আমরা নিশ্চয়ই শুনব। নিজের গানেই আমাদের মাঝে থাকবেন সাহেদ ভাই। কিন্তু নিজে এই অ্যালবামের প্রকাশ দেখে যেতে পারলেন না, সেটাই দুঃখ।
সাহেদ ভাইকে সবাই চেনে তার বিখ্যাত গান ‘রোকযানা’র জন্য। আরও কিছু অদ্ভুত সুন্দর গান আছে তার। ভাত পুড়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় ভাত খেতে না পারার কষ্টে লিখেছিলেন, ‘সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে, ক্ষুধায় পরান যায়’। ‘রক্তজবা’ শিরোনামে আরেকটা গান আছে, যার কথা গীতিকবি সাহেদ কতটা গভীরভাবে ভাবতে পারেন, তা বুঝিয়ে দেয়।



