যাপিত জীবনে ভাবনা

আশনা হাবিব ভাবনা, ছবি: সাজ্জাদ হোসেন
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সবটুকু জুড়ে এখন এই চলচ্চিত্র। সেই গল্প শুনেছেন পান্থ আফজাল
শিকড়, অস্তিত্ব ও ইতিহাসের গল্প
‘যাপিত জীবন’-এর প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে আনজুম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তার কাছে এটি শিকড়, অস্তিত্ব ও ইতিহাসের গল্প। তিনি বললেন, ‘এই সময়ের বাংলাদেশে দেশের গল্প, ভাষার গল্প মানুষ কতটা আগ্রহ নিয়ে দেখবে, সেটি একটি প্রশ্ন। এখন সবাই একটু বাণিজ্যিক সিনেমা কিংবা ওটিটিতে থ্রিলারধর্মী কনটেন্ট বেশি পছন্দ করছে। কিন্তু আমাদের চলচ্চিত্রটির গল্পের মধ্যে একটা স্থিরতা আছে। সময়টা অনেক আগের। দেশভাগের গল্প, আমাদের শিকড়ের গল্প। আমি বলতে পারি, এটা আমাদের অস্তিত্বের গল্প।’ তবে গল্প নির্বাচনই একমাত্র চ্যালেঞ্জ ছিল না। ১৯৪৭ সালের বাংলাদেশকে পর্দায় ফিরিয়ে আনতে হয়েছে। বাড়িঘর, পোশাক, পরিবেশ, লোকেশন— সবকিছুতেই ছিল প্রস্তুতি। ভাবনা বললেন, ‘এখনকার বাংলাদেশ তো আর ১৯৪৭ সালের মতো নেই। আপনি এখন শুটিং করবেন, লোকেশন খুঁজবেন, সেট তৈরি করবেন। অনুদানের সিনেমা হিসেবে সরকারের কাছ থেকে আমরা একটি নির্দিষ্ট অংকের অর্থ পেয়েছি। কিন্তু সেই টাকা দিয়ে ওই সময়কে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা খুব কঠিন।’
বাবার সিনেমা ঘিরে উত্তেজনা
চলচ্চিত্রটির নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ব্যক্তিজীবনে ভাবনার বাবা। অভিনেত্রী বললেন, ‘আমার বাবা যে কাজ করেছেন, সেটি অনেক চ্যালেঞ্জিং। তার চিন্তাভাবনা এখনো তরুণদের মতো। তিনি দায়িত্ব নিয়ে দেশের গল্প বলতে চেয়েছেন।’
প্রযোজনায়ও অভিনেত্রী
এই সিনেমায় প্রযোজনার দায়িত্বও সামলেছেন ভাবনা। মজা করে বললেন, ‘বাপের টাকা তো আমার টাকাই! সব মিলিয়ে ভীষণ টেনশনে ছিলাম, এখনো আছি।’ সিনেমা নির্মাণের পর সবচেয়ে বড় পরীক্ষা দর্শকের কাছে পৌঁছানো। বিশেষ করে প্রচারণার জন্য বড় বাজেট না থাকলে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। ভাবনা এ বিষয়ে কোনো রাখঢাক রাখলেন না— ‘দর্শককে হলে আনা সহজ নয়। শাকিব খান ছাড়া আর কে দর্শককে হলে আনতে পারেন, সেটিও প্রশ্ন। আমাদের প্রচারণার জন্য খুব বেশি টাকা নেই। এখন আমার হাতে সোশ্যাল মিডিয়া ছাড়া তেমন কিছু নেই।’
চরিত্রের প্রয়োজনে
‘যাপিত জীবন’-এ ভাবনার জন্য আলাদা সাজসজ্জার আয়োজন ছিল না। তিনি বললেন, ‘আমি এই সিনেমার প্রায় ৯০ শতাংশ জায়গায় মেকআপ ছাড়াই ছিলাম। শুধু চুলটা বড় করা হয়েছে। কারণ, ভাবনা আর আনজুম এক মানুষ নয়। দুজনের সময়, মানসিকতা, স্থিরতা— সবকিছু আলাদা।’
পাঁচ বছর আগে ভাবতাম, ভালো পরিচালক ও ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করব না। কিন্তু এখন মনে হয়, আমি একটা বড় দর্শকগোষ্ঠীকে মিস করছি
একঝাঁক গুণীর সমন্বয়
ছবিতে আফজাল হোসেন, ডলি জহুর, রোকেয়া প্রাচী, মৌসুমী হামিদ, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণসহ অনেক গুণী শিল্পী রয়েছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত ভাবনা বললেন, ‘মৌসুমী কী অসাধারণ অভিনয় করে! রওনক ভাই আমার খুব পছন্দের অভিনেতা। তাকে যে চরিত্র দেওয়া হয়, মনে হয় সেটিই তিনি। ডলি জহুর আপার অভিনয়ও অসাধারণ। এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পারা আনন্দের।’
বাণিজ্যিক সিনেমার নায়িকা
‘যাপিত জীবন’-এর মতো ভিন্নধারার পাশাপাশি ভাবনার হাতে রয়েছে বাণিজ্যিক চলচ্চিত্র ‘যাযাবর’। এতে আছে মারামারি, নাচ, গান, জঙ্গলের অ্যাডভেঞ্চার। চরিত্রের প্রয়োজনে জঙ্গলে টানা ১৫ দিন কাটিয়েছেন অভিনেত্রী। বললেন, ‘মশা, মাছি, পোকামাকড়— সবকিছুর সঙ্গে থাকতে হয়েছে।’ সজলের সঙ্গে নাটকে অনেক অভিনয় করলেই ‘যাযাবর’-এর মাধ্যমেই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তিনি। বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, ‘পাঁচ বছর আগে ভাবতাম, ভালো পরিচালক ও ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করব না। অপেক্ষা করব, তবু ছাড় দেব না। কিন্তু এখন মনে হয়, একটা বড় দর্শকগোষ্ঠীকে মিস করছি। আমি শুধু সিনেমার শিক্ষিত দর্শকের নয়; বরং সবার নায়িকা হতে চাই।’
মস্কো থেকে দেশে
ভাবনা অভিনীত ও আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে কবে এই চলচ্চিত্র মুক্তি পাবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কারণ হিসেবে জানালেন, এটি মূলত চলচ্চিত্র উৎসব বিবেচনায় রেখেই বানানো হয়েছে।
ছোট পর্দার সঙ্গে বিচ্ছেদ
ছয় বছর আগে ছোট পর্দার নিয়মিত কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভাবনা। তখন তার জনপ্রিয়তা ছিল, কাজের প্রস্তাবও পেতেন নিয়মিত। কিন্তু একসময় বিষয়টি ভিন্নভাবে ভাবলেন। ভাবনা বললেন, ‘একটা সময় শুটিং করতে করতে মনে হতো, আর কতক্ষণ বাকি? কখন টাকা পাব? প্রতিদিন কাজের চাপ ছিল। অনেক সময় নিজের পছন্দ না হলেও পরিচিত মানুষের অনুরোধে সিডিউল দিয়েছি। এমন অনেক নাটকেও কাজ করেছি, যেগুলো করার ইচ্ছা ছিল না। একসময় বুঝতে পারলাম, টাকার প্রতি আমার লোভ তৈরি হচ্ছে। নাটকে প্রতিদিনের পারিশ্রমিক অনেক বেশি ছিল। এমন টাকা এক দিনে পেতাম, যা অনেকে এক মাস চাকরি করে আয় করেন। তখন মনে হলো, আমি কি লোভী অভিনেত্রী হয়ে যাচ্ছি? আমি তো এমন অভিনেত্রী হতে চাইনি।’
তাহলে কী চান তিনি
ভাবনা বললেন, ‘একদিন শুটিং থেকে বাসায় ফিরছিলাম। গাড়িতে খুব কাঁদলাম। একদিকে সৈয়দ জামিল আহমেদের ওয়ার্কশপ করছি, অন্যদিকে টানা শুটিং। নিজেকে প্রশ্ন করলাম, আমি কেমন অভিনেত্রী হতে চাই? আর কী করছি? আমি যে অভিনেত্রী হতে চাই, সেখানে কি পৌঁছাতে পারছি? সেই দ্বন্দ্ব থেকেই ছোট পর্দা থেকে বিরতি নিয়েছি। সিনেমার জন্য নয়, প্রথমত প্রতিদিনের এই শুটিংয়ের জীবন থেকে বেরিয়ে আসতেই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
প্রেম নেই তিন বছর
ভাবনার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল সবসময়ই আছে। তবে তিন বছর ধরে তিনি কোনো সম্পর্কে নেই। বললেন, ‘এখন প্রেম আমার মাথায় কাজ করে না। প্রেম খুব সুন্দর, বন্ধুত্বও সুন্দর। কিন্তু আমি চাই, সবকিছু অর্গানিকভাবে ঘটুক। পরিকল্পনা করে প্রেম করতে চাই না।’ জানালেন, অতীতের প্রেমের স্মৃতি তার জন্য সুখকর নয়। জীবনে দ্বিতীয় সুযোগ পেলে কোন সিদ্ধান্ত বদলাতেন— এমন প্রশ্নে ভাবনার উত্তর, ‘প্রেম করতাম না। জীবনে যে ভয়ংকর প্রেম করেছি, সেটি বাদ দিতে চাই।’



