চক্রপূরণ

তিন দশকেরও আগে ভোগ ম্যাগাজিনের অন্যতম স্মরণীয় একটি প্রচ্ছদে দেখা দেন হলিউড জুটি সিন্ডি ক্রফোর্ড এবং রিচার্ড গিয়ার। সম্প্রতি তাদের সন্তানেরা ম্যাগাজিনটির একটি নতুন সংখ্যার প্রচ্ছদে হাজির হয়েছেন। এফএক্স প্ল্যাটফর্মের জন্য রায়ান মারফির সিরিজ ‘দ্য শার্ডস’-এ একসঙ্গে অভিনয় করা কাইয়া গার্বার এবং হোমার গিয়ার হাজির হয়েছেন ভোগ-এর সেপ্টেম্বর মাসের প্রচ্ছদে। ক্রফোর্ড ও গিয়ারের ১৯৯২ সালের ফটোশুটের প্রতি তাদের নিজ নিজ সন্তানের শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখা হচ্ছে এটিকে।
নেটিজেনদের কেউ কেউ বলছেন, একটি ‘চক্রপূরণ’ মুহূর্ত। মূল প্রচ্ছদে নবদম্পতি একটি রোমান্টিক সমুদ্রসৈকতের পরিবেশে গালে গাল লাগিয়ে পোজ দিয়েছিলেন। কাইয়া এবং হোমার একটি স্টুডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ছবি তোলেন।
অনেকের মন্তব্য, আগের প্রচ্ছদ নতুনটির চেয়ে ভালো ছিল। গার্বারের মা সিন্ডি এবং হোমারের বাবা রিচার্ড ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত হলিউডের আলোচিত দম্পতি ছিলেন।






