ফরাসি উৎসবে ‘অলৌকিক রাজহাঁস’

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের আন্তর্জাতিক যৌথ প্রযোজনার কৌশল শেখানোর লক্ষ্যে ফ্রান্সের নঁতে শহরে ‘ফেস্টিভ্যাল দে থোঁয়া কঁতিনো’ (থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল) ২০০০ সালে চালু করে ‘প্রাদুইর ও সুদ’ শীর্ষক কর্মশালা।
এবার উৎসবটির ৪৮তম আসরের এ আয়োজনে নির্বাচিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘অলৌকিক রাজহাঁস’-এর চিত্রনাট্য। বাংলাদেশের একটি লোককাহিনি থেকে অনুপ্রাণিত এটি। এবারের আসরে রয়েছে বিভিন্ন দেশের আরও চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আন্তর্জাতিক গল্প নির্মাণ ও যৌথ প্রযোজনাবিষয়ক কর্মশালাটি। এতে বাংলাদেশি প্রকল্পের প্রতিনিধিত্ব করবেন পরিচালক রাজীব রাফি ও প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ।
আন্তর্জাতিক পরামর্শকদের সঙ্গে চিত্রনাট্য, অর্থায়ন কৌশল ও যৌথ প্রযোজনার পরিকল্পনা নিয়ে কাজ করবেন তারা। পাশাপাশি বিভিন্ন দেশের প্রযোজক ও সম্ভাব্য সহযোগীদের সঙ্গে যোগাযোগের সুযোগ মিলবে। কর্মশালা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
‘অলৌকিক রাজহাঁস’ হতে যাচ্ছে রাজীব রাফির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি বর্তমানে নির্মাণ-পূর্ব উন্নয়ন পর্যায়ে রয়েছে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন আদনান ইমতিয়াজ আহমেদ, রুবাইয়াত হোসেন ও আশিক মোস্তফা। এর প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ ও সিনেমা ককুন।
এর আগে এ বছরই ‘অলৌকিক রাজহাঁস’ নির্বাচিত হয় ভিয়েতনামের চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ডানাফ ট্যালেন্টস প্রজেক্ট ইনকিউবেটরে। এতে জমা পড়েছিল ৩৫০টিরও বেশি আবেদন। সেখান থেকে এশিয়ান আর্ট-হাউজ ফিল্ম ওয়ার্কশপ ও প্রজেক্ট মার্কেটের জন্য নির্বাচিত হয় ১০টি প্রকল্প। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরের নির্বাচিত চারটি প্রকল্পের একটি ছিল ‘অলৌকিক রাজহাঁস’।



