শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার ওয়ার্কশপের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চায়ন হলো ইংরেজি নাটক ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’। গতকাল রবিবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে ছিল এর একটি প্রদর্শনী। আজ সোমবার একই ভেন্যুতে এটি আবারও মঞ্চায়ন হওয়ার কথা।
নাট্যকার উইলিয়াম গ্লেনন রচিত ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’ নির্দেশনা দিয়েছেন নাট্যনির্দেশক ও অভিনেতা আশীষ খন্দকার। তিনি বলেছেন, ‘নতুন প্রজন্মের নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বসাহিত্যের অনন্য এই সৃষ্টিকে মঞ্চে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতেই আমাদের এই প্রয়াস। ছোট-বড় সব বয়সের দর্শকের জন্যই নাটকটি উপভোগ্য হবে।’
জার্মান লোকগাথাটির নাট্যরূপে উঠে এসেছে শহরের ইঁদুর সমস্যা, মেয়রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং বাঁশিওয়ালার বাঁশির জাদুকরী সুরের পরিচিত রহস্যময় গল্প। অভিনব দৃশ্যকাব্য, সাবলীল ইংরেজি সংলাপ ও নির্দেশকের ব্যতিক্রম মঞ্চভাবনায় এই পরিবেশনা দর্শককে ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
নাটকটিতে অভিনয় করছেন মোহাম্মদ আহ্ নাফ আলম, মোহাম্মদ সিনদীদ শামাউন তীর্থক, আয়ুশ দেবনাথ, অর্জুন দে, মারিয়ম ইয়ারলিন লাহান্তী, আবদুল্লাহ জামিল মাহমুদ (আনন্দ), ইশায়াত রণ, ইসাবাহ রচি, ফাবিহা জুবাইদা সিদ্দিকী, মৃণ্ময়ী আশীষ ও মনস্বিতা বড়াল।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার ওয়ার্কশপটি পরিচালনা করে ফ্রাইডে থিয়েটার স্কুল। এটি থিয়েটার শিক্ষা, প্রশিক্ষণ ও চর্চায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ওয়ার্কশপে অর্জিত নাট্যদক্ষতা দর্শকের সামনে সরাসরি মঞ্চায়নের সুযোগ পান বলে জানিয়েছেন আয়োজকরা।



