এবার চীনে পুরস্কৃত ‘সাঁকোটা দুলছে’

উৎসব মঞ্চে পুরস্কার হাতে সানজিদা আক্তার স্বর্ণা ও ইশতিয়াক আহমেদ জিহাদ
চীনের ৩৫এমএম ফিল্ম ক্রিটিকস উইকে পুরস্কার জিতেছে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘সাঁকোটা দুলছে’। ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক। সম্প্রতি চীনের শানতুং প্রদেশের তাইআন শহরে অনুষ্ঠিত উৎসবে পুরস্কারজয়ী পাঁচটি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেয় সিনেমাটি।
গত ২২ অক্টোবর তাইশান কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রদর্শিত হয় সিনেমাটি। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ ও প্রধান অভিনেত্রী সানজিদা আক্তার স্বর্ণা। সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন দর্শকরা।
সিনেমায় মমি চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণা। তার কাছে সিনেমাটি নিজের জীবনের গল্পও। তিনি বলেছেন, “আমার কাছে ‘সাঁকোটা দুলছে’ শুধু একটি সিনেমার নাম নয়, এটি আমার নিজের জীবনের গল্পেরও নাম। এই সিনেমার প্রতিটি দৃশ্যে আমি নিজের জীবনের অংশ খুঁজে পাই।”
সম্পূর্ণ সাদা-কালোয় নির্মিত প্রায় ৮০ মিনিটের সিনেমাটিতে উঠে এসেছে গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, কুসংস্কার, নিপীড়ন ও সংগ্রামের গল্প। এক অন্ধ তরুণীর স্বপ্নের পথে এগিয়ে চলা এবং রহস্যময় হাতির মুখোমুখি হওয়া সিনেমাটির অন্যতম আকর্ষণ।
এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার জেতে সিনেমাটি। বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে এবং সহ-প্রযোজক ফজলে হাসান শিশির।




