নায়িকা থেকে খলনায়িকা

ইতালিয়ান তারকা মনিকা বেলুচ্চি
সৌদি আরবের ‘সেভেন ডগস’ সিনেমায় খলনায়িকা জুলিয়া লিওনে চরিত্রে অভিনয় করলেন ইতালিয়ান তারকা মনিকা বেলুচ্চি। সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন মিসরের তারকা করিম আবদেল আজিজ ও আহমেদ এজ, বলিউড তারকা সালমান খান, সঞ্জয় দত্ত, আমেরিকান অভিনেতা মার্টিন লরেন্স এবং ইতালিয়ান তারকা জিয়ানকার্লো এসপোসিতো। এ চলচ্চিত্রের মাধ্যমে মনিকা এমন একটি চরিত্র ও ঘরানায় কাজ করার সুযোগ পেলেন, যা তার অভিনয়জীবনে তুলনামূলকভাবে নতুন।
‘সেভেন ডগস’-এর মাধ্যমে সৌদি আরবে প্রথমবার কাজের অভিজ্ঞতা হলো ৬১ বছর বয়সী মনিকার। এর নির্মাণ ও সুযোগ-সুবিধার ব্যাপকতা এ তারকাকে মুগ্ধ করেছে। তিনি বলেছেন, ‘সৌদি আরবে এটিই ছিল আমার প্রথম কাজ। স্টুডিওটি ছিল বিশাল। সত্যিই আমার মনে হয়েছে, বড় পরিসরে একটি সিনেমায় কাজ করছি, যার দারুণ সম্ভাবনা রয়েছে।’
সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। এর আগে হলিউডের ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’-এর মতো অ্যাকশন সিনেমা একসঙ্গে বানিয়েছেন। বড় পরিসরের অ্যাকশন দৃশ্য নির্মাণে তাদের দক্ষতা মনিকা বেলুচ্চিকে এ সিনেমায় কাজ করতে আগ্রহী করে তুলেছিল।
ইউরোপ জুড়ে সক্রিয় অপরাধ জগতের ক্ষমতাধর নারী জুলিয়া সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে একধাপ এগিয়ে থাকেন। জুলিয়া লিওনেকে প্রচলিত চরিত্রগুলোর তুলনায় ভিন্ন বলে মনে করেন মনিকা বেলুচ্চি। বিশেষ করে এতে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকায় এটি তার জন্য ছিল নতুন অভিজ্ঞতা। তিনি বলেছেন, ‘আমি অ্যাকশন দৃশ্যে অভ্যস্ত নই, তাই এটি এক ধরনের নতুন অভিজ্ঞতা ছিল। ক্ষমতা ও নিয়ন্ত্রণে থাকা একজন নারীর চরিত্রে অভিনয় করা মজার ও আকর্ষণীয় ব্যাপার ছিল।’
তবে জুলিয়াকে শুধুই একজন খলনায়িকা হিসেবে দেখেননি মনিকা বেলুচ্চি। চরিত্রটির কর্মকাণ্ডের বিচার না করে বরং তাকে বোঝার চেষ্টা করেছেন। তার মতে, খলচরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এ প্রক্রিয়া অত্যন্ত
গুরুত্বপূর্ণ।






