ইতালিতে সেরা চলচ্চিত্র বাংলাদেশি ‘মাস্টার’

‘মাস্টার’ চলচ্চিত্রের একটি দৃশ্যে জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান- মাই পিক্সেল স্টোরি
ইতালির তাসকানি শহরে অনুষ্ঠিত লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘মাস্টার’। পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত মনে করেন, ‘এই স্বীকৃতি সিনেমাটির সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’ ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া লুক্কা চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে ৪ অক্টোবর। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন ইতালিয়ান চলচ্চিত্রকার নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নাবেল। পাশাপাশি ডেনিশ পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন নিজের নতুন সিনেমা নিয়ে উপস্থিত ছিলেন। এটি পেয়েছে গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড।
জুরি বোর্ডে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো।
‘মাস্টার’কে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া প্রসঙ্গে জুরি বোর্ডের সদস্যদের ভাষ্য, ‘বাহ্যত স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান সময়ে বিশ্ব জুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে সংকটের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য (পুরস্কারটি দেওয়া হলো)। এখানে একটি সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে দর্শক এমন এক শিক্ষকের মুখোমুখি হন, যার অন্তরে রয়েছে সৎ নীতি-আদর্শ আর সামাজিক ন্যায়বিচারের প্রতি একনিষ্ঠ প্রতিশ্রুতি। তার এই আদর্শ হয়তো সমাজকে বদলে দিতে পারত; কিন্তু তা থমকে যায় সাধারণ মানুষের মঙ্গলের চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া এক রাজনৈতিক ব্যবস্থার জটিল মারপ্যাঁচে। অত্যন্ত সাবলীল গতিতে এগিয়ে যাওয়া সিনেমাটি মূল চরিত্রের মুখোমুখি হওয়া নানা বৈপরীত্যকে দারুণ দক্ষতার সঙ্গে তুলে ধরেছে। আর শেষমেশ তিনি যে দুর্নীতির কাছে নতি স্বীকার করেন, আফসোস হলেও সত্যি— আমাদের এই ছোট্ট পৃথিবীর প্রায় প্রতিটি কোণেই তা ভীষণভাবে চেনা।’
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম সিনেমা ‘নোনাজলের কাব্য’ ২০২১ সালে মুক্তির পর প্রশংসিত হয়। এবার তার নির্মিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ গত জানুয়ারিতে নেদারল্যান্ডসে মর্যাদাপূর্ণ ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নেয়। উৎসবটির ওই বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিনেমাও এটি। এর গল্প শিক্ষক জহিরকে কেন্দ্র করে, যিনি সময়ের প্রয়োজনে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু এরপর দেখা দেয় সংকট। নির্বাচনে যারা তার জন্য সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছিল, পরে তাদের প্রায় সবাই অন্যায্য সহযোগিতা চায়। তাদের এড়িয়ে যাওয়া চেয়ারম্যানের পক্ষে সম্ভব হয় না; কিন্তু নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্ত করে। এমন দ্বন্দ্বে সে পরিণত হয় ভিন্ন এক মানুষে।
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘মাস্টার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। ইউএনও চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন; সংসদ সদস্যের চরিত্রে ফজলুর রহমান বাবু। আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, শরীফ সিরাজ, আমিনুর রহমান মুকুল, তাসনোভা তামান্না, মাহমুদ আলম প্রমুখ। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ীতে দুই মাস এর শুটিং হয়েছে।
গল্প লেখা ও পরিচালনার পাশাপাশি ‘মাস্টার’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্টুডিওতে এর রঙ বিন্যাস ও শব্দসজ্জার কাজ হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মাই পিক্সেল স্টোরি। সহপ্রযোজনায় কোয়ানন ফিল্মস।




