‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েল
টম ক্রুজের সঙ্গে হ্যাথাওয়ে

টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ে -প্যারামাউন্ট পিকচার্স
৩৮ বছর পর ‘ডেজ অব থান্ডার’-এর নতুন অধ্যায়ে ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সিনেমায় তার সঙ্গী অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবর উদযাপন করতে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারমূলক স্থিরচিত্র পোস্ট করেছেন নায়ক, যেখানে দেখা যাচ্ছে ন্যাসকার রেসিং ট্র্যাকে একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন দুই তারকা। ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্তব্য সিনেমাটির পরিচালক জোনাথন লেভিন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং বা ন্যাসকার আমেরিকান অটো রেসিং অনুমোদনকারী ও পরিচালনাকারী সংস্থা। ন্যাসকার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মোটরস্পোর্টস সংস্থা। ন্যাসকার রেসিং আমেরিকার অন্যতম বৃহত্তম দর্শকপ্রিয় ক্রীড়া লিগ।
১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেজ অব থান্ডার’-এ বদমেজাজি ও আবেগপ্রবণ রেসিং কার ড্রাইভার কোল ট্রিকল চরিত্রে অভিনয় করেন টম ক্রুজ। ন্যাসকারে যোগ দিয়ে ব্যক্তিগত ও পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতার পথে এগিয়ে যান। উল্লেখ্য, ‘ডেজ অব থান্ডার’ বিশ্বব্যাপী আয় করেছিল ১৫ কোটি ৭৯ লাখ ডলার। সিনেমাটির গল্প ভাবনা ছিল টম ক্রুজের নিজের।
সিক্যুয়েলে আবারও একই ভূমিকায় দেখা যাবে তাকে। তবে নতুন মুভির গল্প প্রসঙ্গে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। জোরেশোরে শোনা যাচ্ছে, সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়েকে একটি রেসিং কার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে দেখা যাবে।
আগামী ২ অক্টোবর আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ চলচ্চিত্রে থাকবেন টম ক্রুজ। একই দিনে বড় পর্দায় আসবে অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’।
২০২৬ সাল অ্যান হ্যাথাওয়ের জন্য বেশ পয়মন্ত বলা যায়। এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’, ‘দি ওডিসি’ এবং ‘দি অ্যান্ড অব ওক স্ট্রিট’। এ ছাড়া তিনি সম্প্রতি অ্যাডাম ড্রাইভারের সঙ্গে ‘অ্যালোন অ্যাট ডন’ সিনেমার শুটিং শেষ করেছেন। পাশাপাশি তাকে তারকাখ্যাতি এনে দেওয়া ডিজনির ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় কিস্তির কাজ চলছে।







