এক হাতে ব্যবসা অন্য হাতে সিনেমা

তামান্না ভাটিয়া -ইনস্টাগ্রাম
তামান্না ভাটিয়ার নতুন সিনেমা ‘দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত এই সিনেমাটি পৌরাণিক আবহের থ্রিলার। গল্পে এক শহুরে ব্যক্তি পূর্বপুরুষের গ্রামে ফিরে গিয়ে নিষিদ্ধ বন নিয়ে স্থানীয় বিশ্বাসকে কুসংস্কার মনে করেন। পরে সেই বনের প্রাচীন শক্তির মুখোমুখি হয়ে বদলে যায় তার জীবন। সিনেমাটিতে সিদ্ধার্থের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তামান্না। ২৫ সেপ্টেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
তামান্নার আরেক আলোচিত সিনেমা ‘রাগিণী ৩’। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই হরর সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন নার্গিস ফাখরি ও আয়ুষ শর্মা। এ ছাড়া তার অভিনয় তালিকায় রয়েছে ‘রেঞ্জার’ ও ভি. শান্তারামের বায়োপিকও। ফলে আগামী সময়টায় তামান্নাকে একাধিক ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তামান্নার নতুন পরিচয় উদ্যোক্তা হিসেবেও। নিজের ফাইন জুয়েলারি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন তিনি। বিষয়টি তার জন্য একেবারে অপরিচিত কোনো জগৎ নয়। তামান্নার বাবা সন্তোষ ভাটিয়া দীর্ঘদিন ধরে গয়না ও হীরার ব্যবসার সঙ্গে যুক্ত। তামান্নার নিজের ভাষ্য অনুযায়ী, বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই গয়না, নকশা ও কারুশিল্পের জগতের সঙ্গে তার পরিচয় ছিল।
এত দিন অভিনয়ই ছিল তার মূল মনোযোগ। পরে সেই পারিবারিক অভিজ্ঞতাকে নিজের সৃজনশীল ভাবনার সঙ্গে মিলিয়ে গয়নার ব্যবসায় নামেন তিনি। ফলে তামান্নার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে শুধু তারকাখ্যাতি নয়, পারিবারিক অভিজ্ঞতারও ভূমিকা
রয়েছে।






