ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে এবার জয়পুরহাটে ‘ইত্যাদি’
বিনোদন প্রতিবেদক

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের সন্ধানে এবার জয়পুরহাটে ধারণ করা হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। জেলার কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘির পাশে নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটির ধারণ সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে সংগীতশিল্পী খুরশিদ আলমের কণ্ঠে থাকছে জনপ্রিয় তিনটি গানের সংকলন। নজরুলসংগীত পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।
এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে নৃত্যগীত। অনুষ্ঠানে থাকছে জেলার কৃষি, পোলট্রিশিল্প, বাকপ্রতিবন্ধী তিন ভাই এবং ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মণকে নিয়ে প্রতিবেদন। পাশাপাশি রয়েছে মানবিক ও সমাজসচেতনতামূলক নানা আয়োজন। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।



