‘ব্রিটিশ আমলে জন্মেছি দেশভাগ দেখেছি’

অভিনেত্রী দিলারা জামান
বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ। ৮৪ পেরিয়ে ৮৫ বছরে পদার্পণ করলেন তিনি। ছয় দশকের বেশি সময় ধরে অভিনয়, শিক্ষকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের শিল্প-সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন গুণী এই শিল্পী।
জন্মদিন নিয়ে কোনো জাঁকজমকপূর্ণ পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দিলারা জামান। তিনি বললেন, ‘পরিকল্পনার সময় চলে গেছে। এখন আর কোনো বিশেষ পরিকল্পনা নেই। তবে আনন্দের বিষয় হলো, আমার বড় মেয়ে কানাডা থেকে এসেছে। ও কিছুদিন আমার কাছে থাকবে। এটিই সবচেয়ে বড় আনন্দ।’
মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। তার কথায়, ‘এখন কাজ একটু কম করছি। মেয়েকে সময় দেব। সে এক মাস থাকবে। পরে আবার কাজ করব। যখনই কাজ করি, ভালো লাগে। একা একা থাকি, তাই কাজের মধ্যে থাকলে ভালো লাগে।’
দিলারা জামান জানান, মেয়েরা এখন বুঝে গেছে যে, তিনি দেশেই সবচেয়ে স্বস্তিতে থাকেন। তাই তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আর জোর করেন না তারা। বরং সুযোগ পেলেই মেয়েরাই দেশে এসে মায়ের সঙ্গে সময় কাটান।
দিলারা জামান বলেছেন, ‘মেয়েরা আমাকে তাদের কাছে রাখতে চেয়েছিল। কিন্তু মন টেকেনি। নিজের শিকড়, মাটি ও মানুষের কাছেই ফিরে এসেছি। নিজের দেশ ছেড়ে থাকতে পারিনি।
এটিই আমার জীবন।’
১৯৪২ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেন দিলারা জামান। জীবনের দীর্ঘ পথচলার দিকে ফিরে তাকিয়ে আবেগঘন স্মৃতিচারণ করে তিনি বললেন, ‘৮৪ পার হয়ে ৮৫-তে পড়ব। অনেক কিছু দেখতে দেখতেই তো বার্ধক্যে পৌঁছেছি। ব্রিটিশ আমলে জন্মেছি। দেশভাগ দেখেছি। ছোট ছিলাম, কিন্তু ভয়ভীতির অনেক স্মৃতি এখনো মনে আছে। তারপর দেখেছি মুক্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গণঅভ্যুত্থান ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক দেখেছি। এভাবেই সময় কেটে গেছে।’
বয়সের ভার সত্ত্বেও এখনো নিজের দৈনন্দিন কাজ নিজেই করেন বলে জানান দিলারা জামান। তিনি বললেন, ‘আমার কোনো কাজের লোক নেই। বাজার করা থেকে শুরু করে নিজের কাজ নিজেই করি। যতদিন শক্তি আছে, করতে চাই। কারও ওপর নির্ভরশীল হতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এভাবেই থাকতে পারি।’
অবসরে বই পড়ার অভ্যাস আগের মতো না থাকলেও প্রতিদিন নিয়ম করে পত্রিকা পড়েন এই অভিনেত্রী। দেশ-সমাজের বিভিন্ন নেতিবাচক খবর তাকে কষ্ট দেয়। তিনি বললেন, ‘মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ যেন কমে যাচ্ছে। খুনোখুনি, হিংসা, রক্তপাত বেড়ে গেছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, আবার নিজেরাও ক্রমে হিংস্রতার দিকে ঝুঁকে পড়ছি। এসব দেখে খুব কষ্ট পাই।’
দিলারা জামান সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প-২’ নাটকে অভিনয় করেছেন। ঈদুল আজহায় মুক্তির পর এখন পর্যন্ত ইউটিউবে এটি ১ কোটি ৬০ লাখ ভিউ পেয়েছে।




