দর্শকের মুখোমুখি ফেরদৌসী মজুমদার

ফেরদৌসী মজুমদার
মঞ্চ ও টেলিভিশন নাটকের গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার দর্শকের সঙ্গে নিজের দীর্ঘ শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরবেন। নাট্যদল অনুস্বরের এই আয়োজনের শিরোনাম ‘অনুস্বর সংলাপ ৪’। আগামী ২৫ জুলাই বিকাল ৫টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে দর্শক ও নাট্যপ্রেমীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। ফলে অভিনয়জীবনের অজানা গল্প, অভিজ্ঞতা এবং নাটক নিয়ে তার দৃষ্টিভঙ্গি জানার বিরল সুযোগ পাবেন দর্শকরা।
সংলাপের প্রতিপাদ্য ‘জীবন ও অভিনয়’। অভিনয়ের শুরু থেকে দীর্ঘ পথচলা, মঞ্চ ও টেলিভিশনে স্মরণীয় অভিজ্ঞতা, নাট্যচর্চা এবং অভিনয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরবেন ফেরদৌসী মজুমদার।
২০২২ সালে প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ‘অনুস্বর সংলাপ’ আয়োজন শুরু করে নাট্যদল অনুস্বর। এরপর থেকে নিয়মিত দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এর আয়োজন করা হচ্ছে। প্রথম পর্বে অংশ নেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। তিনি দেশের নাট্যচর্চা, নিজের শিল্পীজীবন এবং সমকালীন নাট্যভাবনা নিয়ে আলোচনা করেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আয়োজকদের আশা, ফেরদৌসী মজুমদারের অংশগ্রহণে এবারের সংলাপও নাট্যপ্রেমীদের জন্য হবে একটি বিশেষ অভিজ্ঞতা।
দেশের অভিনয় জগতে ফেরদৌসী মজুমদার একটি উজ্জ্বল নাম। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। চরিত্রের গভীরে প্রবেশের দক্ষতা, সংলাপ উপস্থাপনার স্বাতন্ত্র্য এবং শক্তিশালী অভিনয়শৈলীর জন্য তিনি প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে সমানভাবে সমাদৃত। অভিনয়ের পাশাপাশি নাট্যচর্চা ও দেশের সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। এ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশে একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।




