মনসুন বিটস গাইবেন প্রীতম

প্রীতম হাসান
বর্ষার আবহে ঢাকায় আয়োজন করা হচ্ছে সংগীতনির্ভর আউটডোর উৎসব ‘মনসুন বিটস ২০২৬’। লাইভ মিউজিক, বর্ষার আমেজ ও উৎসবের প্রাণবন্ত পরিবেশ— এ তিনের সমন্বয়ে সাজানো হচ্ছে আয়োজনটি। সংগীতপ্রেমীদের জন্য নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।
আগামী ২৯ আগস্ট মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজনে গান পরিবেশন করবে ব্যান্ড আর্টসেল, ব্যান্ড অড সিগনেচার। এ ছাড়া শিল্পীর তালিকায় রয়েছেন প্রীতম হাসান ও শিবু। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় আরও শিল্পী যুক্ত হতে পারেন। ফলে বিভিন্ন ঘরানার সংগীত এক আয়োজনেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।
আয়োজকদের দাবি, এটি শুধু সাধারণ কনসার্ট নয়; বরং বর্ষা কেন্দ্র করে সাজানো একটি পূর্ণাঙ্গ উৎসব অভিজ্ঞতা। থিমভিত্তিক আয়োজনে রয়েছে রেইন মিস্টের অভিজ্ঞতা, বিশেষ মিস্ট জোন এবং দর্শকদের জন্য বিনামূল্যে একটি পঞ্চো।
শুধু তাই নয়, প্রতিটি টিকিটের সঙ্গে পাওয়া যাবে ইগলু আইসক্রিমের তিন স্কুপ। সংগীতের পাশাপাশি বর্ষার আবহ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, খাবার ও বিভিন্ন চমকের সমন্বয়ে আয়োজনটি সাজানো হচ্ছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।






