আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথে ‘আমাদের বিশ্বকাপ’

(বাঁ থেকে) মনিরা মিঠু, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, দীপা খন্দকার ও ইরফান সাজ্জাদ
বিশ্বকাপ উন্মাদনাকে ঘিরে পরিবার ও পাড়া-মহল্লার চিরচেনা আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মজার দ্বন্দ্ব নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি নাটক। এর নাম রাখা হয়েছে ‘আমাদের বিশ্বকাপ’। এতে হাস্যরসের পাশাপাশি থাকছে গুরুত্বপূর্ণ একটি বার্তা।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। গল্পটি একটি পরিবারকে কেন্দ্র করে। তাদের কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ ফ্রান্সের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে তাদের তর্ক-বিতর্ক, খুনসুটি এবং একে অন্যকে খোঁচা দেওয়ার প্রবণতাই নাটকের মূল উপজীব্য। তবে শেষ পর্যন্ত গল্পটি মনে করিয়ে দেয়— খেলাধুলা জীবনের একটি অংশ হলেও জীবনের মূল্য তার চেয়েও অনেক বেশি।
নির্মাতা মহিদুল মহিম বললেন, ‘বিশ্বকাপ এলেই বিভিন্ন পরিবারে কিংবা এলাকায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে যে মজার লড়াই শুরু হয়, সেটাই গল্পে তুলে ধরেছি। তবে শেষ প্রান্তে আমরা দেখিয়েছি, খেলার চেয়ে মানুষের সম্পর্ক ও জীবন অনেক বড়।’
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, সাইদুর রহমান পাভেল, নাদের চৌধুরী, জীবনসহ অনেকে।
পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং উত্তরার একটি বাড়িতে ‘আমাদের বিশ্বকাপ’-এর শুটিং হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীরা ব্যবহার করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, শাড়ি, লুঙ্গিসহ নানান অনুষঙ্গ।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মহিদুল মহিম বলছিলেন, ‘সবচেয়ে মজার বিষয় ছিল, বাস্তবে যারা আর্জেন্টিনার সমর্থক, গল্পের প্রয়োজনে তাদের সমর্থক হতে হয়েছে ব্রাজিলের। আবার ব্রাজিলের সমর্থকদেরও আর্জেন্টিনার সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছে। ফলে তাদের মধ্যে তৈরি হয়েছিল দারুণ হাস্যরসাত্মক মনোভাব। আশা করছি, বিশ্বকাপের আমেজে নাটকটি পারিবারিক বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’
আগামী ২ জুলাই সন্ধ্যায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমাদের বিশ্বকাপ’।




