নেপালের নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার
সাংস্কৃতিক প্রতিবেদক

ষষ্ঠ লালাবালা কাঠমান্ডু আন্তর্জাতিক শিশু থিয়েটার উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। নেপালের কাঠমান্ডুতে এ আয়োজনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘হিরণ কিরণ থিয়েটার’। উৎসবে নিজেদের প্রযোজনা ‘এ ফাদারস স্কাই’ মঞ্চায়ন করবে দলটি। বিশ্বমঞ্চে মুন্সীগঞ্জ-বিক্রমপুর তথা সমগ্র বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতি ও নাট্যকলা তুলে ধরার লক্ষ্য তাদের।
আগামী ১ নভেম্বর নেপালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে হিরণ কিরণ থিয়েটারের। দলের প্রধান জাহাঙ্গীর আলম ঢালীর নেতৃত্বে সফরে থাকছেন মোহাম্মদ শামীম শেখ, শামীমা আক্তার মুক্তা, মোহাম্মদ রাজিবুল হাসান, মো. মজিবুল হক এবং শিশুশিল্পী ঋদ্ধ হক।
‘এ ফাদারস স্কাই’ নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী। এর মূল উপজীব্য একজন বাবা ও মেয়ের মধ্যকার আত্মিক ও অকৃত্রিম ভালোবাসার বন্ধন। শৈশবে মাতৃহারা কন্যা তুলিকে পরম মমতায় লালন-পালন করেন বাবা। মেয়ের শাস্ত্রীয় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নপূরণে তিনি হয়ে ওঠেন মূল প্রেরণা। বাবার অক্লান্ত ত্যাগ ও নিজের প্রতিভার সমন্বয়ে তুলি একসময় সফল নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এ নিয়ে সপ্তমবারের মতো নেপাল সফরে যাচ্ছে হিরণ কিরণ থিয়েটার। এর আগে ভারতের প্রায় ১০টি রাজ্যের আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার উৎসবে নাটক মঞ্চায়ন করেছে দলটি।




