অমিতাভ বচ্চনের ঘুমের সময় নেই
বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চনের মতে, রাতে ভালো ঘুম শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সময়মতো ঘুমাতে পারছেন না তিনি। শরীরের ক্লান্তি এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে নিজের ব্লগে লিখেছেন এই অভিনেতা। নিজের ব্লগে ৮৩ বছর বয়সী এ তারকা লিখেছেন, ‘ঘুমের জন্য সময় বের করতে আমার সমস্যা হচ্ছে।
তবে আজ রাতে চেষ্টা করছি। এবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং কাজের জন্য ভোরে উঠতে হবে।’ সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন। এ কারণে দাঁড়াতে অসুবিধা হচ্ছিল বলেই বসে পর্ব শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে সংলাপ বলে থাকেন অমিতাভ বচ্চন।




