কিংবদন্তি ব্রুস লির জন্মদিন আজ

ব্রুস লি।
অভিনয়, অসাধারণ শারীরিক দক্ষতা এবং নিজস্ব মার্শাল আর্ট দর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ব্রুস লি। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে আছে তার ভক্তদল। যুগে যুগে পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতিতে যোগসূত্র তৈরি করেছিলেন যারা, তাদের অন্যতম তিনি।
বাংলাদেশেও সেই সত্তরের দশক থেকে ব্রুস লির জনপ্রিয়তা। ব্রুস লির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে। ১৯৪০ সালের ২৭ নভেম্বর। আজই এই শিল্পীর জন্মদিন। তার জন্মনাম ছিল লি জুন-ফান। ব্রুস লি ছিলেন দর্শনের ছাত্র। তার গোপন শখ ছিল কবিতা লেখ।
ব্রুস লির বাবা লি হোই-চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার শিল্পী। বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেও শৈশবের বেশির ভাগ সময় কেটেছে হংকংয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র তিন মাস বয়সে প্রথমবারের মতো চলচ্চিত্রে দেখা যায় তাকে।
১৮ বছর হওয়ার আগেই ২০টির মতো ছবিতে অভিনয় করে ফেলেন ব্রুস লি। ‘গোল্ডেন গেট গার্ল’ ছবিতে প্রথম তিনি পর্দায় আসেন। তখন অবশ্য একেবারেই শিশু তিনি। ১৯৭২ সালে ‘ফিস্ট অব ফিউরি’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘দ্য বিগ বস’ যে রেকর্ড সৃষ্টি করেছিল, সেটিকেও ভেঙে দেয় এই ছবি।
হলিউডের বিভিন্ন ছবিতে সহকারী বা পার্শ্বচরিত্রে অভিনয় করে করে ত্যক্তবিরক্ত হয়ে পড়েন ব্রুস লি। একসময় তার মনে হলো, আমেরিকায় নয়, হংকংয়েই তার ভবিষ্যৎ। পরে শিশুশিল্পী হিসেবে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। ১৩ বছর বয়সে উইং চুন মার্শাল আর্ট শেখা শুরু করেন ব্রুস। তার শিক্ষক ছিলেন বিখ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক ইপ ম্যান।
১৯৬২ সালে ব্রুস লি একটি ফাইটে তার প্রতিপক্ষকে ১৫টি ঘুষি আর ১টি লাথি দিয়ে পরাজিত করেন, যাতে সময় লেগেছিল মাত্র ১১ সেকেন্ড।
মার্শাল আর্টেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন ব্রুস লি। যে কারণে রুপালি পর্দা থেকে দূরে চলে গিয়েছিলেন। কিন্তু প্রযোজক উইলিয়াম ডজিয়েরের চোখে পড়ে যান তিনি।
১৯৬৬ সালে এবিসি টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রিন হর্নেট’-এ তাকে দেখা যায় কেটো চরিত্রে। পরের বছরই সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর বহু ছবিতে ও টেলিভিশনে বিভিন্ন সহকারী বা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।
১৯৭৩ সালের ২০ জুলাই। হঠাৎ করেই হংকংয়ের কাউলুন টংয়ের একটি বাড়িতে মারা যান ব্রুস লি। মৃত্যুর আগে বলছিলেন যে তার মাথা ধরেছে। এ জন্য মাথাব্যথার ওষুধও খেয়েছিলেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
ব্রুস লিকে বিদায় জানাতে হংকংয়ের রাস্তায় সেদিন লাইন ধরে নেমে এসেছিলেন হাজার হাজার মানুষ। শোকাহত ভক্তদের নিয়ন্ত্রণ করতে পুলিশের ব্যারিকেড বসাতে হয়েছিল।



