দুই সপ্তাহ পরই মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’
বিনোদন ডেস্ক

ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি। বুধবার (১৮ নভেম্বর) নতুন সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
দীপক কুমার মিশ্র পরিচালিত এই সিরিজ বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর আগে চারটি সিজন মুক্তি পেয়েছে। প্রতিটি সিজনই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। নতুন সিজন ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নতুন সিজনের ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল পোস্টার। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু লড়াই, কিছু প্রেম থাকবে, আর ফুলেরা গ্রাম আপনাদের অপেক্ষায় থাকবে।’
কআগের সিজনের শেষ হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন দিয়ে। নির্বাচনে জয় পেয়ে গল্পের মোড় ঘুরিয়ে দেন ভূষণ কুমার, যিনি বনরাকাস নামে পরিচিত, এবং তার স্ত্রী ক্রান্তি দেবী। ফলে নতুন সিজনে তাঁদের প্রভাব ও দাপট আরও বাড়তে দেখা যাবে। অন্যদিকে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির সঙ্গে তাদের দ্বন্দ্ব ও নানা টানাপোড়েনও উঠে আসবে।
এ ছাড়া অভিষেক ও রিঙ্কির প্রেমের গল্প নতুন সিজনে আরও এগিয়ে যাবে বলে জানা গেছে। ফলে গ্রাম্য রাজনীতি, হাস্যরস ও প্রেমের মিশেলে নতুন গল্প উপভোগের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আগের সিজনগুলোর মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক ও সুনিতা রাজওয়ার। সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।




