ভিক্ষার থলি হাতে নাতির চিকিৎসার টাকা খুঁজছেন নানি

দুই বছর বয়সী নাতির চিকিৎসার টাকা জোগাড় করতে ভিক্ষার থলি হাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রেহনা বেগম। সাতক্ষীরার তালা থেকে খুলনার পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় কখনো মানুষের বাড়িতে, কখনো পথচারীদের কাছে সাহায্য চাইছেন তিনি। তার একটাই আকুতি, অর্থের অভাবে যেন থেমে না যায় নাতি রাফিদ ইসলাম রাফির চিকিৎসা।
জন্ম থেকেই হৃদযন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত রাফির পরবর্তী সময়ে মস্তিষ্কে সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয়েছে তার দুই কান। বর্তমানে সে শুনতে পায় না, কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে শক্ত খাবারও খেতে পারে না। চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
‘আমার নিজের জন্য কিছু চাই না। শুধু নাতিটাকে একটু সুস্থ দেখতে চাই। কত মানুষের কাছে গিয়েছি, কত জায়গায় হাত পেতেছি। কিন্তু চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না। দেশের সামর্থ্যবান মানুষের কাছে আমার আকুতি, আপনারা আমার নাতির চিকিৎসায় সহযোগিতা করুন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৃদ্ধা রেহনা বেগম।
রাফির বাবা বিল্লাল হোসেন ও মা রাজিয়া সুলতানা। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. আল মামুনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে শিশুটি। পরিবারের সদস্যদের ভাষ্য, জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে রাফি। একের পর এক চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে।
নাতির চিকিৎসার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছেন রেহনা বেগম। তিনি জানান, ওষুধ, দুধ, ফলমূলসহ শিশুটির প্রয়োজনীয় সামগ্রী কিনতে প্রতিদিন প্রায় ৬৭৫ টাকা খরচ হয়। মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন তিনি। নাতির চিকিৎসায় ইতোমধ্যে তার জমানো সব অর্থ শেষ হয়েছে। এখন ধারদেনা ও মানুষের সহযোগিতায় কোনো রকমে শিশুটির খাবার ও চিকিৎসার খরচ চালাচ্ছেন। নাতির বাবা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় চিকিৎসা ও ভরণপোষণের বড় দায়িত্বও তাঁর কাঁধে এসে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রতিদিনের খাবার ও ওষুধের খরচ জোগাড় করতেই যেখানে অনিশ্চয়তা, সেখানে প্রায় ৮ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করা এই পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। এ অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, মানবিক সংগঠন ও প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন তারা।
নাতির চিকিৎসা ও ভরণপোষণের জন্য গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে খুলনার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন রেহনা বেগম। আবেদনে সরকারি তহবিল থেকে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি সম্ভব হলে নিয়মিত সহায়তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে এখনো প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহযোগিতা চাওয়া অব্যাহত রেখেছেন তিনি।
রেহনা বেগমের আকুতি, ‘আমি আর কত মানুষের কাছে হাত পাতব? আমার নাতির চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য নেই। আপনারা একটু সহযোগিতা করলে হয়তো ওর চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমি চাই না, টাকার অভাবে আমার নাতির চিকিৎসা বন্ধ হয়ে যাক।’
পরিবারের সদস্যরা জানান, রাফির চিকিৎসা চালিয়ে নিতে এখন জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।
অসুস্থ রাফির চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
জরুরি যোগাযোগ: ০১৯৮১-২৮২৩৪
বিকাশ (নানি রেহনা বেগম): ০১৯৩৩-৫৮৮৭০৭




